ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মিয়ানমার সফর জনিত বিরতির পর আগামী ২৪ নভেম্বর আবার শুরু হচ্ছে সিটিসেল বি. লিগ। শুরু হচ্ছে ঢাকা আবাহনী-মোহামেডানের দ্বৈরথ দিয়ে।
মিয়ানমারে বাংলাদেশ দল গ্র্যান্ড রয়েল চ্যলেঞ্জ কাপ খেলতে যাওয়ায় বি. লিগে ছেদ পড়েছিল। ঢাকা আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ও শেখ রাসেলের ফুটবলারদের বড় একটি অংশ জাতীয় দলে ব্যস্ত থাকায় লিগ বন্ধ রাখতে হয়েছিল। জাতীয় দলের একাংশ দেশে ফিরেছে গত সোমবার, বাকিরা দু-একদিনের মধ্যেই ফিরবেন। তাই বাফুফে আবার মাঝপথে বন্ধ হয়ে যাওয়া লিগের অসমাপ্ত ফিকশ্চার চূড়ান্ত করেছে।
সেই অনুযায়ী আগামী ২৪ নভেম্বর মুখোমুখি হবে দুই শিরোপা প্রত্যাশী। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী আপাতত শীর্ষে আছে, আর এক ম্যাচ কম খেলে ঢাকা মোহামেডানের সংগ্রহ ১১ পয়েন্ট। সপ্তম রাউন্ডের এই ম্যাচটির পর ২৫ নভেম্বর থেকে শুরু হবে অষ্টম রাউন্ডের খেলা।
বাফুফের এখন পরিকল্পনা হচ্ছে, একটানা ম্যাচ দিয়ে লিগ শেষ করা। এজন্য লিগের মাঝপথে আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে না বাংলাদেশ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/১৯০২ ঘ.
bdnews24