২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপিকে শিরোপার মুকুট উপহার দিলেন সোনিয়া-মাহফিজ

সোনিয়া আক্তারের সঙ্গী হয়ে দুর্দান্ত সাফল্যের বৃত্তে ঢুকে গেলেন মাহফিজুর রহমান। সবকটি ব্যক্তিগত ফ্রি স্টাইল ইভেন্ট জিতে বিকেএসপির এই সাঁতারু অনন্য নজির গড়েছেন বাংলাদেশের সাঁতারে। শনিবার ১০০ মিটার ফ্রি স্টাইল ও ৪০০ মিটার ফ্রি স্টাইল জিতে তিনি ৫টি সোনা নিয়ে পুরুষ বিভাগে সেরা সাঁতারু হিসেবে শেষ কেরছেন ২৩-তম জাতীয় সাঁতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সোনিয়া আক্তারের সঙ্গী হয়ে দুর্দান্ত সাফল্যের বৃত্তে ঢুকে গেলেন মাহফিজুর রহমান। সবকটি ব্যক্তিগত ফ্রি স্টাইল ইভেন্ট জিতে বিকেএসপির এই সাঁতারু অনন্য নজির গড়েছেন বাংলাদেশের সাঁতারে। শনিবার ১০০ মিটার ফ্রি স্টাইল ও ৪০০ মিটার ফ্রি স্টাইল জিতে তিনি ৫টি সোনা নিয়ে পুরুষ বিভাগে সেরা সাঁতারু হিসেবে শেষ কেরছেন ২৩-তম জাতীয় সাঁতার। সেই সঙ্গে বিকেএসপির শিরোপাও নিশ্চিত হয়ে গেছে। ১৬ টি সোনা, ১২টি রূপা ও ১০টি ব্রোঞ্জ নিয়ে তারা শীর্ষ থেকেই শেষ করেছে প্রতিযোগিতা। যথারীতি রানার্স আপ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সংগ্রহ ১২টি সোনা, ১৫টি রূপা ও ৬টি ব্রোঞ্জ। সেনাবাহিনী আফসোস করতে পারে তাদের দলে মাহফিজ ও সোনিয়ার মতো দুর্দান্ত সাঁতারু না থাকায়। এই দুজনের ১১টি সোনাই বিকেএসপির মাথায় তুলে দিয়েছে শিরোপার মুকুট। আগেরদিন পর্যন্ত মাহফিজুর রহমানের সংগ্রহ ছিল ৩টি সোনা, নতুন রেকর্ডসহ ২০০ মিটার ফ্রি স্টাইল ও ১৫০০ মিটার ফ্রি স্টাইলে এবং রেকর্ডহীন ৫০ মিটার ফ্রি স্টাইল। শনিবার শেষদিনে যোগ করেছেন আরো দুটি। ৪০০ মিটার ফ্রি স্টাইলে তিনি ০৪ মিনিট ৩৯.১৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। তারপর ১০০ মিটার ফ্রি স্টাইলে ৫৩.২২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে সোনা জিতে ভেঙ্গেছেন পুরনো রেকর্ড (৫৮.৪৮ সেকেন্ড)। এর আগে কেউ ৫টি ব্যক্তিগত ফ্রি স্টাইল ইভেন্ট জেতার কৃতিত্ব দেখাতে পারেননি। নতুন কীর্তির পর বিকেএসপির এই সাঁতারুর হাতে ২০ হাজার টাকা তুলে দিয়ে সেরা পুরুষ সাঁতারুর স্বীকৃতি দেওয়া হয়েছে। জবাবে একাদশ শ্রেণীর ছাত্রটি বলেছেন, "ফ্রি স্টাইলের সবকটি সোনা জিততে পেরে আমি খুব খুশি। তবে আমার পছন্দের ইভেন্ট ২০০ মিটার ফ্রি স্টাইল। জাতীয় সাঁতারের পারফরম্যান্সটা আমি এসএ গেমসে ধরে রাখতে চাই।" তার চেয়ে এক কাঠি সরেস সোনিয়া আক্তার। শেষদিনে ১০০ মিটার ব্যাক স্ট্রোকে সোনা জিতে নিজের সংগ্রহটা উন্নীত করেছেন ছয়ে। এই ইভেন্ট জিততে তিনি সময় নিয়েছেন ১ মিনিট ২১.৮০সেকেন্ড। কিন্তু রেকর্ড গড়তে পারেননি! আগের দিন পর্যন্ত ৫টি সোনার সঙ্গে ছিল ৫টি নতুন রেকর্ড ! মিরপুর সুইমিং পুলে অনন্য সাফল্যের পর বিকেএসপির এই সাঁতারুর হাতেই উঠেছে সেরা মহিলা সাঁতারুর পুরস্কার ২০ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৫৫ ঘ.