২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সাঁতারে সোনিয়ার রাজত্ব

সোনা জয় এবং জাতীয় রেকর্ড, দুটো কৃতিত্ব একসঙ্গে দেখিয়ে যাচ্ছেন সোনিয়া আক্তার। পাঁচটি নতুন জাতীয় রেকর্ডসহ ৫টি সোনা জিতে এখন পর্যন্ত জাতীয় সাঁতারের সেরা সাঁতারু তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সোনা জয় এবং জাতীয় রেকর্ড, দুটো কৃতিত্ব একসঙ্গে দেখিয়ে যাচ্ছেন সোনিয়া আক্তার। পাঁচটি নতুন জাতীয় রেকর্ডসহ ৫টি সোনা জিতে এখন পর্যন্ত জাতীয় সাঁতারের সেরা সাঁতারু তিনি। ২৩তম জাতীয় সাঁতারের তৃতীয় দিনেও হয়েছে তিনটি জাতীয় রেকর্ড। যার দুটিই যথারীতি সোনিয়া আক্তারের গড়া। প্রতিযোগিতার প্রথম দিনে বিকেএসপির এই সাঁতারু দুটো জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন। শুক্রবার তৃতীয় দিনেও দুটো সোনার সঙ্গে দুটো জাতীয় রেকর্ড। মাঝে বৃহস্পতিবার জিতেন নতুন জাতীয় রেকর্ডসহ একটি সোনা। শুক্রবার ৫০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে সোনিয়া ৩২.৬৫ সেকেন্ডের নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছেন। ভেঙ্গেছেন ৩৩.০৬ সেকেন্ডে গড়া নিজের পুরনো রেকর্ড। এই ইভেন্টে রূপা জিতেছেন বিকেএসপির আফসানা তালুকদার (৩৩.০৯ সে.) এবং ব্রোঞ্জ জিতেছেন আনসারের ডলি আক্তার (৩৩.৫৪ সে.)। সোনিয়ার আরেকটি রেকর্ড অবশ্য ব্যক্তিগত নয়, ৪ গুনিতক ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সীমা, আফসানা ও নাসিমাকে সঙ্গী করে তিনি ১০ মি. ১৫.৬৩ সেকেন্ডের নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছেন। পুরনো রেকর্ডটি হচ্ছে ১০ মি. ৩২.৭২ সেকেন্ডের। তৃতীয় দিন পর্যন্ত গড়া নতুন ৯টি নতুন রেকর্ডের ৫টিই সোনিয়ার ! শুধু জাতীয় রেকর্ডের দিক থেকে নয়, ৫ টি সোনা জিতেও বিকেএসপির এই সাঁতারু ছাড়িয়ে গেছেন সতীর্থদের। এদিন আরেকটি নতুন রেকর্ড হয়েছে ৫০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে। সেনাবাহিনীর শাহজাহান আলী রনি ৩০.১৩ সেকেন্ডে সাঁতার শেষ করে নতুন রেকর্ড গড়ে ভেঙ্গেছেন কারার সামেদুলের রেকর্ড (৩৯.৯৬ সে.)। নৌবাহিনীর সেই সামেদুল এবার ৩২.৪৩ সেকেন্ডে জিতেছেন ব্রোঞ্জ, রূপা জিতেছেন সেনাবাহিনীর কামাল হোসেন (৩১.৬৬ সে.)। এছাড়া ২০০ মি. ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর রুবেল রানা, ৫০ মিটার বাটার ফ্লাইয়ে নৌবাহিনীর জুয়েল আহমেদ সোনা জিতেছেন। ৫০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে অনসারের ডলি আক্তার এবং ২০০ মিটার ব্যাক স্ট্রোকে আনসারের সবুরা খাতুন সোনা জিতেছেন। তৃতীয়দিনে ওয়াটারপোলোর সোনার নিষ্পত্তি হয়েছে। ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৫-০ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়ে টানা সপ্তমবারের মতো শিরোপা জিতেছে। ১৯৭২ সাল থেকে এ নিয়ে ২৫ বার ওয়াটারপোলেতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ! দিনশেষে তারপরও বিকেএসপি ১১টি সোনা, ১০টি রূপা ও ৮টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষে। বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় স্থানে আছে ১০টি সোনা, ১২টি রূপা ও ৪টি ব্রোঞ্জ জিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.