লন্ডন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিনই স্প্যানিশ কিংস কাপে দারুণ এক অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার সেই একই পরিণতি হয়েছে প্রিমেরা লিগার আরেক বড় দল ভিলারিয়ালেরও, তৃতীয় বিভাগেরই দল পোলি এজিদোর কাছে হেরে কোপা দেল রেই থেকে বিদায় নিয়েছে তারা।
অঘটনের শিকার হয়েছে ইংলিশ লিগের শীর্ষদল চেলসিও, লিগ-কাপের চতুর্থ রাউন্ড থেকে তাদের বিদায় করে দিয়েছে দ্বিতীয় বিভাগের দল বার্নলি। আর লিগ টেবিলের শীর্ষে তাদের সঙ্গী লিভারপুলকে বিদায় করে দিয়েছে লিগকাপে গতবারের চ্যাম্পিয়ন টটেনহাম হটস্পার।
তবে বার্সেলোনা জিতেছে, যদিও তৃতীয় বিভাগের দল বেনিডর্মের সঙ্গে ন্যু ক্যাম্পের ম্যাচে মোটেই খুঁজে পাওয়া যায়নি দারুণ ফর্মে থাকা বার্সেলোনাকে। একেবারে শেষ দিকে পেনাল্টি পেয়েও আরেকটু হলেই জিততে ব্যর্থ হচ্ছিল তারা, ফিরতি শটে লিওনেল মেসির লক্ষ্যভেদ ১-০ গোলের জয় এনে দিয়েছে তাদের। দু লেগ মিলিয়ে ২-০ গোলে জিতে পঞ্চম রাউন্ডে উঠেছে তারা। সেখানে তাদের সঙ্গী হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাটলেটিক বিলবাও, রিয়াল মায়োর্কা আর স্পোর্টিং গিজন।
ভিলা রিয়ালের বিদায়টা অবশ্য প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম লেগেই, প্রতিপক্ষের মাঠে ওই ম্যাচে ০-৫ গোলে হারার পর বুধবার তারচেয়েও বড় জয়ের প্রয়োজন ছিল তাদের। কিন্তু দ্বিতীয় লেগেও জয়ই পায়নি ভিলারিয়াল, প্রথমে পিছিয়ে পড়ে কোনো রকমে ড্র করেছে ১-১ গোলে।
চেলসিও খেলতে নেমেছিল নিজেদেরই মাঠে। আর তাতে ২৭ মিনিটে দিদিয়ের দ্রগবার গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু ২০ মিনিট বাকি থাকতে আদে আকিনবিইয়ির গোলে সমতা এনে ম্যাচটাকে অতিরিক্ত সময়ে ঠেলে দিয়েছে প্রথম লেগেও ১-১ গোলে ড্র করা বার্নলি। অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, তারপর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বার্নলি।
হোয়াইট হার্ট লেনে রোমান পাভলিউশেঙ্কো আর ফ্রেইজার ক্যাম্পবেলের জোড়া গোলে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়েছে স্পাররা।
সান্দারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ব্ল্যাকবার্ন রোভার্সও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১২১ ঘ.
bdnews24