বুয়েনস এইরেস, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার কোচ হিসেবে এখনো অভিষেকই হয়নি তাঁর, তার আগেই আর্জেন্টাইন মিডিয়ায় গুঞ্জন পদত্যাগ করতে পারেন ডিয়েগো ম্যারাডোনা!
যার বিশেষ আগ্রহে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন, সেই হুলিও গ্রন্ডোনার সঙ্গে বিরোধের কারণেই এমন সিদ্ধান্ত নিতে পারেন এই আর্জেন্টাইন গ্রেট। বিরোধের কারণ, ম্যারাডোনার সহকারি বাছাই। ম্যারাডোনা ওই পদে নিতে চান ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলে তার সতীর্থ অস্কার রুজেরিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি গ্রন্ডোনার সঙ্গে আবার তার রয়েছে ব্যক্তিগত বিরোধ।
গ্রন্ডোনাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি, কিন্তু রুজেরির সঙ্গে বিরোধের কথাটা প্রকাশ্যেই বলেছেন, "আমি ওর মুখটা দেখতে পছন্দ করি না। এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার।"
আর্জেন্টাইন কেবল টেলিভিশন চ্যানেল টিওয়াইসি জানিয়েছে, বুধবার ম্যারাডোনা তার জেনারেল ম্যানেজার কার্লোস বিলার্দোর সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন। এবং তারপর গ্রন্ডোনার কাছে একটি বার্তা পাঠিয়েছেন অবিলম্বে রুজেরিকে নিয়োগ করার জন্য। বৃহস্পতিবার এএফএর সঙ্গে এ নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে তার।
আর্জেন্টিনার সর্বাধিক প্রচারিত দৈনিক ক্ল্যারিন আর জনপ্রিয় টিভি চ্যানেল টিএনসহ সে দেশের অন্যান্য মিডিয়ায়ও গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এই খবর। এবং অনেক পত্র-পত্রিকায়ই লেখা হয়েছে এই বিতর্কের জের ধরে শেষ পর্যন্ত পদত্যাগ করতে যাচ্ছেন ম্যারাডোনা।
দু সপ্তাহ আগে কোচ হিসেবে নিয়োগ পাওয়া ম্যারাডোনার শনিবারই দল নিয়ে স্কটল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা। দুসপ্তাহ আগে গ্রন্ডোনার কাছে কোচ হওয়ার প্রস্তাব পেয়ে প্রথমে তিনি বলেছিলেন সহকারি হিসেবে চান ১৯৮৬'র বিশ্বকাপজয়ী দলের অন্য দুই সদস্য সার্জিও বাতিস্তা আর হোসে লুইস ব্রাউনকে। তবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পাওয়ার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি এখন চাইছেন রুজেরিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০২৬ ঘ.
bdnews24