২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটো রেকর্ড দিয়ে শুরু জাতীয় সাঁতার

২৩-তম জাতীয় সাঁতারের উদ্বোধনী দিনেই দুটো রেকর্ড গড়ে সোনা জিতেছেন সোনিয়া আক্তার। বুধবার ২৬৮ জন পুরুষ ও ৭৭ জন মহিলা সাঁতারুর অংশগ্রহণে মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে জাতীয় সাঁতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ২৩-তম জাতীয় সাঁতারের উদ্বোধনী দিনেই দুটো রেকর্ড গড়ে সোনা জিতেছেন সোনিয়া আক্তার। বুধবার ২৬৮ জন পুরুষ ও ৭৭ জন মহিলা সাঁতারুর অংশগ্রহণে মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে জাতীয় সাঁতার। সোনিয়া আক্তার ২ মিনিট ৫০. ১২ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার বাটার ফ্লাই শেষ করে নতুন রেকর্ড গড়েছেন। আগের রেকর্ডটি ছিল লাবনী আক্তার জুঁইয়ের ২ মিনিট ৫৮.৯৮ সেকেন্ডের। বাংলাদেশ আনসারের লাবনী এবার রূপা জিতেছেন ৩ মিনিট ১৫.২৪ সেকেন্ড সময় নিয়ে। ৪০০ মিটার ব্যক্তিগত রিলেতেও ছিল তার রেকর্ড (৬ মিনিট ০৬.৭৮সেকেন্ড), সেটিও এবার ভেঙ্গে দিয়েছেন সোনিয়া। ৬ সেকেন্ড ০৬.২৩ সেকেন্ডের নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছেন বিকেএসপির এই মহিলা সাঁতারু। এই ইভেন্টে আনসারের লাভলী খাতুন রূপা ও বিকেএসপির নাসিমা আক্তার ব্রোঞ্জ জিতেছেন। অবশ্য হ্যান্ড টাইমিংয়ে গড়া এসব রেকর্ড নিয়ে সবসময় বিতর্ক লেগে থাকে। উদ্বোধনী দিনে আর কোনো রেকর্ড না হলেও দুটো সোনা জিতেছেন রুবেল রানা। বাংলাদেশ নৌ বাহিনীর এই সাঁতারু ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছেন ৫ মিনিট ০৩.৮৫ সেকেন্ড সময় নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াসিউল ইসলাম রূপা ও নেয়ামুল হক ব্রোঞ্জ জিতেছেন। এছাড়া ৫০ মিটার ব্যাক স্ট্রোকেও রুবেল সোনা জিতেছেন ২৮.৭৪ সেকেন্ড সময় নিয়ে। সেনাবাহিনীর ওয়াসিউল ইসলাম রূপা ও বিপ্লব সরকার ব্রোঞ্জ জিতেছেন। সব মিলিয়ে প্রথম দিনে বিকেএসপিরই আধিপত্য। তাদের ৩ টি সোনার বিপরীতে আনসার ও বাংলাদেশ নৌবাহিনী জিতেছে দুটো করে সোনা। বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে একটি সোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.