বুয়েনস এইরেস, ১২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯ নভেম্বর গ্লাসগোতে স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার কোচ হিসাবে অভিষেক হতে যাচ্ছে ডিয়েগো ম্যারাডোনার। তবে সেই ম্যাচের দলে রাখা হয়নি হুয়ান রোমান রিকুয়েলমেকে।
গত সপ্তাহে বিদেশের ক্লাবগুলোতে খেলা ফুটবলারদের নিয়ে দল ঘোষণার সময় ম্যারাডোনা ইঙ্গিত দিয়েছিলেন রিকুয়েলমেকে দলে রাখার। কিন্তু মঙ্গলবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘরোয়া ফুটবলে খেলা যে তিন জনের নাম প্রকাশ করেছে তার মধ্যে রিকুয়েলমে নেই। কোচ ম্যারাডোনার প্রথম ম্যাচের দলে সুযোগ পাওয়া সৌভাগ্যবান সেই তিন ফুটবলার হলেন
ড্যানিয়েল মন্টেনেগ্রো (ইন্ডিপেনডিয়েন্টে), এমিলিয়ানো পাপা (ভেলেজ সার্সফিল্ড) ও ক্রিস্টিয়ান ভিলাগ্রা (রিভার প্লেট)।
অবশ্য রিকুয়েলমের ক্লাব বোকা জুনিয়র্সও তাকে ছাড়তে রাজি নয়। আর্জেন্টাইন চ্যাম্পিয়নশিপে এই মুহূর্তে স্যান লরেঞ্জোর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে আছে বোকা জুনিয়র্স। দু দলেরই আর পাঁচটি করে ম্যাচ বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়ে রিকুয়েলমেকে জাতীয় দলের বাইরে রাখার জন্য এএফএ'র কাছে অনুরোধ জানিয়েছিল বোকা। সম্ভবত সেজন্যই তাকে দলে রাখতে পারেননি ম্যারাডোনা।
তবে ম্যারাডোনার প্রথম দলে চমকেরও অভাব নেই। স্যান লরেঞ্জো কিংবা কোপা সুদামেরিকানার সেমিফাইনালে ওঠা আর্জেন্টিনোস জুনিয়র্স ও এস্তুদিয়ান্তেসের কাউকেই দলে না রেখে কিছুটা হলেও বিস্ময়ের জন্ম দিয়েছেন '৮৬ বিশ্বকাপের নায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/
bdnews24