ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বুধবার থেকে মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক জাতীয় সাঁতার। ২৩তম আসরে ২৯ টি দলের ২৭১ জন সাঁতারু অংশ নিচ্ছেন। চারদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল এম আমিনুল করিম।
সোমাবর এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন সাঁতার উন্নয়নে তাদের পরিকল্পনার কথা বলেছেন। বলেছেন ৬৪টি জেলায় প্রতিভা অন্বেষণের মাধ্যমে সাঁতারু তৈরির কথা।
এরকম কথা নতুন নয়, অগেও যারা দায়িত্বে ছিলেন তারা বলেছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের সাঁতার যে তিমিরে ছিল রয়ে গেছে সেখানেই। এখনো হ্যান্ড টাইমিং দিয়ে চলছে এবং এই অনির্ভরযোগ্য টাইমিং নিয়ে একেকজন দেশে বিশাল সাঁতারুও বনে যাচ্ছেন ! সুতরাং প্রতিবারের মতো এবারো এই সমস্যার প্রসঙ্গ উঠেছে। জবাবে সাধারণ সম্পাদক বলেছেন, "এবারও জাতীয় সাঁতার হবে হ্যান্ড টাইমিংয়ে। তবে ইলেকট্রনিক্স স্কোরবোর্ড আনার জন্য কোরিয়ায় একটি কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে। বিষয়টা জাতীয় ক্রীড়া পরিষদ ও বিওএ মিলে দেখছে।"
এই আয়োজনের জন্য পৃষ্ঠপোষক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দিচ্ছে ১০ লাখ টাকা। বাজেটের বাড়তি এক লাখ টাকা সাঁতার ফেডারেশন দিচ্ছে। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংক কিছু অর্থ পুরস্কার দিচ্ছে। সেরা পুরুষ ও মহিলা সাঁতারুর জন্য ২০ হাজার টাকা করে এবং উদীয়মান পুরুষ ও মহিলা সাঁতারুকে দেওয়া হবে ১০ হাজার টাকা করে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান প্রতিশ্র"তি দিয়েছেন, "ভবিষ্যতেও সাঁতারে আমাদের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।"
প্রতিদ্বন্ধিতা হবে মোট ২৯ টি ইভেন্টে, এর মধ্যে তিনটি ডাইভিংসহ একটি ওয়াটার পোলো ইভেন্ট আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪০ঘ.
bdnews24