২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতা হয়নি বলে সরে দাঁড়ালেন সিনহা

স্বতন্ত্র হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েও শেষপর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আফজালুর রহমান সিনহা। অনেক দোলাচলে থাকা খন্দকার জামিল উদ্দিনও নিজেকে সরিয়ে নিয়েছেন নির্বাচন থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- স্বতন্ত্র হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েও শেষপর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আফজালুর রহমান সিনহা। অনেক দোলাচলে থাকা খন্দকার জামিল উদ্দিনও নিজেকে সরিয়ে নিয়েছেন নির্বাচন থেকে। আগামী ১২ নভেম্বর ক্রিকেট বোর্ডের নির্বাচনের জন্য ৪৬ জনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে রোববার। তাতে বড় খবর হচ্ছে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহার নির্বাচন থেকে সরে দাঁড়ানো। তিনি বলেছেন, "ঐক্য না হওয়ায় আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। ঐক্যের অনেক চেষ্টা হয়েছে, কিন্তু শেষপর্যন্ত কিছু হয়নি। তারপরও আমি বলবো, সৎ ও যোগ্য লোকদের ক্রিকেট বোর্ডে আসা উচিত।" তিনি ঢাকার ক্লাব ক্যাটাগরিতে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও পরে ভোটাভুটি এড়াতে দুটো প্যানেলের মধ্যে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তারপর নিজে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া সম্মিলিত পরিষদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আরো দুজন --- গাজী গোলাম মর্তুজা পাপ্পা ও ইকবাল ইউসুফ চৌধুরী। নানা আশংকার কথা চিন্তা করে এই প্যানেল থেকে ১৪জন মনোনয়নপত্র জমা দিয়েছিলন শুরুতে। আর ক্রিকেট উন্নয়ন পরিষদের পক্ষ থেকে জমা দেওয়া ১২টি মনোনয়পত্রই টিকে গেছে। সুতরাং ঢাকার ক্লাব ক্যাটাগরিতে ১২টি পদের জন্য দু'পক্ষের ২৪ জনের লড়াই নিশ্চিত হয়েছে। আরেকটি চমক হচ্ছে, খন্দকার জামিল উদ্দিনের সরে দাঁড়ানো। সাবেক ক্রিকেটার, শিক্ষাবোর্ড ও বিওএ'র কোটায় তিন নম্বর ক্যাটাগরিতে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এই ক্রীড়া সংগঠক। সঙ্গে সঙ্গে বিতর্কও শুরু হয়েছিল বিওএ'র সহ সভাপতি, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং রাগবী অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে তার ক্রিকেট বোর্ডে ঢোকার প্রচেষ্টা দেখে। কিন্তু সব বিতর্কে জল ঢেলে দিয়ে বিওএ'র এই প্রতিনিধি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়ে। এবং বলেছেন, "এই কোটায় তিনজন সাবেক অধিনায়ক নির্বাচন করছেন। তাদের মধ্য থেকেই একজনকে আসা উচিত বলে মনে করি আমি। সেজন্যই নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।" এই ক্যাটাগরিতে লড়ছেন চারজন, নির্বাচিত হবেন একজন। এছাড়া এক নম্বর ক্যাটাগরি মানে জেলা ও বিভাগীয় কোটায় ক্রিকেট বোর্ডের ১০ টি পদের জন্য লড়বেন ১৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.