ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ভয় জয় করা বাংলাদেশ দল নতুন উদ্যমে মিয়ানমার যাচ্ছে গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ খেলতে। যাওয়ার আগে তারা কোনো ঘোষণা দিয়ে যেতে না পারলেও সুখবরের প্রত্যাশা করতে বাধা নেই।
আগামী শনিবার রাতে বাংলাদেশ ফুটবল দল রওনা হচ্ছে মিয়ানমারের উদ্দেশ্যে। কোচ শফিকুল ইসলাম মানিক বড় স্বপ্ন না দেখলেও এটা ভয় জয় করা বাংলাদেশ দল। মারদেকাপ থেকে ফিরেই নাকি খেলোয়াড়দের অন্যরকম রূপান্তর ঘটেছে! অভিজ্ঞ ডিফেন্ডার রজনীকান্ত বর্মণ বলেছেন, "সত্যি বললে, মারদেকায় গেছি আমরা ভয়ে ভয়ে। যেমন মোজাম্বিকের নাম শুনেই আমরা ভয় পেয়েছিলাম। তারপর তো একে একে সবার সঙ্গে খেললাম। এখন আর সেই ভয় নেই, মিয়ানমারে যাচ্ছি অনেক আত্মবিশ্বাস নিয়ে। আমরা যে ভাল খেলতে পারি সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং খেলোয়াড়দের মনের ভয়টা দূর হয়ে গেছে।"
আসলে মারদেকা কাপে যাওয়ার আগে মনের বাঘেই খেয়ে ফেলেছিল বাংলাদেশের খেলোয়াড়দের। মোজাম্বিক, ভিয়েতনামের নাম শুনেই খেলার আগে অর্ধেক হরে বসেছিল। সেই অবস্থা হবে না এবার। রজনী বলেছেন, "যখন নিজেদের মধ্যে কথা হয় তখন বুঝতে পারি আত্মবিশ্বাস ফিরে এসেছে সবার মধ্যে। ভিয়েতনামের সঙ্গে ড্র করার পর আমাদের মধ্যে মিয়ানমারকে হারাতে পারার বিশ্বাসটা ফিরে এসেছে।"
এই মিয়ানমারকে হারিয়ে প্রথম গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ জিতেছিল বাংলাদেশ '৯৫ সালে। ২০০৫ সালে আবার স্বাগতিকদের কাছে হেরে তারা রানার্স আপ হয়েছিল। এবার সেই মিয়ানমারকে পেয়েছে গ্র"পে, ১১ নভেম্বর তাদের সঙ্গেই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। অধিনায়ক মতিউর মুন্না এই ম্যাচকে টার্গেট করেছেন, "আমাদের সম্ভাবনা অবশ্যই আছে। কয়েকদিন আগে তো মিয়ানমারের সঙ্গে খেলেছি, এমন কোনো আহামরি দল নয়। ইন্দোনেশিয়া ভাল দল।" ১৩ তারিখ ইন্দোনেশিয়ার বিপক্ষে তারা গ্র"পের দ্বিতীয় এবং শেষ ম্যাচ খেলবে।
দুটো ম্যাচের একটি জিতলেই সেমিফাইনালের রাস্তা খুলে যাবে বাংলাদেশের। সেই হিসেবটা সঙ্গোপনে রেখে অধিনায়ক যাওয়ার আগে বলছেন "আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি না, এটা করবো, ওটা করবো। তবে নিজেদের মধ্যে তো একটা আকাঙ্খা আছে। মারদেকার মতো ভাল খেলতে পারলে রেজাল্ট আসবে। আশাকরি দলের খেলার আরো উন্নতি হবে এই টুর্নামেন্টে।"
উন্নতির আশায় তো নিয়ে যাওয়া হচ্ছে সৌভাগ্যবান আলফাজ আহমেদকে। '৯৫ সালে এই টুর্নামেন্ট জয়ী দলের একমাত্র সদস্য তিনি ১৩ বছর পরের বাংলাদেশ দলেও আছেন। এই স্ট্রাইকারের অঙ্গীকার, "নিজের শতভাগ উজাড় করে দিয়ে খেলবো যেন জাতীয় দলে ফেরাটা দীর্ঘস্থায়ী হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24