ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- মারদেকা কাপের ভাল পারফরম্যান্সের পুঁজি নিয়ে সাবেক চ্যাম্পিয়নরা মিয়ানমার যাবে গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ খেলতে। আগের টুর্নামেন্টের মতো এবারো স্বপ্নহীন হয়ে অভিযানে নামছে বাংলাদেশ!
মিয়ানমার অভিযানে নতুন সঙ্গীরা হলেন জাহেদ পারভেজ চৌধুরী, আতিকুর রহমান মিশু ও আলফাজ আহমেদ। বুধবার সংবাদ সম্মেলন করে কোচ শফিকুল ইসলাম মানিক তিন জনের অন্তর্ভূক্তির কথা জানিয়ে দিয়েছেন। মারদেকা কাপের দল থেকে বাদ পড়েছেন ৫ জন--- এনামুল হোসেন, আবুল হোসেন, প্রাণতোষ, আমিত খান শুভ্র ও হাসান আল মামুন।
এই সময়ে বাংলাদেশের ফুটবলে এমন কোনো তারকা নেই যার সংযোজন কিংবা বিয়োজনে মারাত্মক কিছু হয়ে যাবে। সেজন্য কিনা জাতীয় দলের কোচও সাহস করে স্বপ্ন দেখাতে পারেন না, "ধাপে ধাপে টিম বাংলাদেশ গড়ে উঠবে। সেজন্য এই টুর্নামেন্টে আমরা মারদেকা কাপের ভাল পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সবার বুঝতে হবে আমাদের রেজাল্ট আসবে ধীরে ধীরে।" ধীর গতির বাংলাদেশ দলে গতি ফেরানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে। কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় গতি হারানো আলফাজের গোধুলিতে অন্তর্ভূক্তির লুকোচুরি নিয়ে। সন্ধ্যায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সম্ভাবনা উড়িয়ে দিলে পরেরদিন কোচ এই স্ট্রাইকারকে দলে নেওয়ার ঘোষণা দেন। শুধু তাই নয়, শৃঙ্খলা-জানিত কারণে তাকে মারদেকা কাপের দলে নেওয়া যায়নি বলে ব্যাখ্যা দিয়েছিলেন আগে। এখন মিয়ানমারের দলে নেওয়ার সময় বলছেন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা নেই, অন্য কারণে তাকে মারদেকায় নেওয়া হয়নি। একসময় মাঝগগনে থাকা এই স্ট্রাইকারকে নিয়ে রহস্যময় এক খেলা খেলছেন ব্যবস্থাপনা কমিটি।
তাকে সংযোজন করতে গিয়ে কাটা পড়েছেন তরুন স্ট্রাইকার এনামুল হেসেন। কোচ অবশ্য একরকম ব্যাখ্যা দিয়েছেন, "ওকে এক ম্যাচে নামানো হয়েছিল মারদেকা কাপে। কিন্তু আমি যেরকম আশা করেছিলাম সেরকম খেলতে পারেনি।" বিচারের মাপকাঠি যখন বদলি হয়ে নেমে কয়েক মিনিটের পারফরম্যান্স তখন আর বলার কিছু থাকে না। আর প্রাণতোষ মারদেকা কাপে মাঠে না নেমেই বাদ! মানিকের যুক্তি, এই মিডফিল্ডারের ইনজুরি ছিল। ডিফেন্ডার হাসান আল মামনের ইনজুরি অবশ্য সবার জানা যা তাকে মূল দলের বাইরে ঠেলে দিয়েছে। কোচের কথা অনুযায়ী ওয়ালী ফয়সালের ওপর চাপ কমাতেই নেওয়া হয়েছে নেওয়া হয়েছে লেফট ব্যাক আতিকুর রহমান মিশুকে।
সব মিলিয়ে এখন ২০ জনের দল, যেখানে ৭ জন ডিফেন্ডার! এই দল এবং শফিকুল ইসলাম মানিকের কোচিং বিশ্লেষণ কোচের রক্ষণাত্মক মানসিকতার কথা বলে। কিন্তু কোচের দাবি, "আমরা পজিটিভ ফুটবল খেলবো। ফর্মেশন দেখে ডিফেন্সিভ বা অ্যাটাকিং ফুটবল বোঝা যায় না। ম্যাচের দিন আমাদের ফুটবলাররা কীরকম খেলে তার ওপর নির্ভর করে। মিয়ানামার ও ইন্দোনেশিয়া র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ওপরে, সুতরাং তারা আমাদের চেয়ে ভাল দল এটা মানতে হবে।" 'এ' গ্র"পে ১১ নভেম্বর মিয়ানমার ও ১৩ তারিখ ইন্দোনেশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে মতিউর মুন্নার বাংলাদেশ।
যারা ফিফা র্যাঙ্কিংয়ের ভয়ে ভীত হয়ে নিজেদের সাবেক চ্যাম্পিয়ন হিসেবে ভাবনাটাও মুছে ফেলতে চাইছে। অথচ মিয়ানমারকে হারিয়ে '৯৫ সালে প্রথম গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ জিতেছিল বাংলাদেশ, তারপর ২০০৫ সালের দ্বিতীয় আয়োজনের রানার্স-আপ। এসব গৌরব যেন ভীষন ভার হয়ে গেছে এই বাংলাদেশ দলের জন্য !
বাংলাদেশ দল : আমিনুল, বিপ্লব, রজনী, সুজন, ওয়ালী ফয়সাল, আরিফুল, নজরুল, শরীফ, সৈকত, মামুন, এমিলি, রবিন, জাহিদ হোসেন, মতিউর মুন্না, আরমান আজিজ, আলফাজ, মিশু ও জাহেদ পারভেজ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৮ঘ.
bdnews24