ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বহুল প্রচারিত ঐক্য প্রক্রিয়া থেমে গিয়ে এখন নির্বাচনের দিকেই ঝুঁকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং ৫৭টি মনোনয়নপত্র জমা পড়ার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার প্রাথমিক ধাপ শুরু হয়েছে বুধবার।
এবার ক্রিকেট বোর্ডে নির্বাচন হচ্ছে তিনটি ক্যাটাগরিতে। সবচেয়ে আলোচিত হচ্ছে ঢাকার ক্লাব সংগঠকদের ক্যাটাগরি। তাতে একপক্ষ বর্তমান এডহক কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববির নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ, প্রতিপক্ষ সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আনাম এবং সমমনাদের ক্রিকেট উন্নয়ন পরিষদ। দু'পক্ষের লড়াই হবে ১২টি পদের জন্য। ক্রিকেট উন্নয়ন পরিষদ জমা দিয়েছে ১২টি মনোনয়ন পত্র, তাতে উল্লেখযোগ্য হলেন আমিনুল হক মনি, আজিজ আল কায়সার টিটু, মিজানুর রহমান, এস এম ফারুক। প্রতিপক্ষরা জমা দিয়েছে ১৫টি, ববি ছাড়া আছেন এনায়েত হোসেন সিরাজ, গাজী গোলাম দস্তগীর, জালাল ইউনুস, জিএস হাসান তামিমসহ আরও অনেকেই। একেবারে স্বতন্ত্র হিসেবে মনোনয়পত্র জমা দিয়েছেন আফজালুর রহমান সিনহা।
দু'পক্ষই ক্রিকেট উন্নয়নের কথা বলে ক্রিকেট বোর্ডে আসতে চাইছে। তবে ভোটাভুটির আগে ঐক্যের মাধ্যমে কমিটি গঠনের চেষ্টার ব্যাপারে আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেছেন, "আমরা ঐক্যের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দু'দুবার অস্বাভাবিক কারণে তা স্থগিত হয়ে গেছে। এখনো ঐক্যের সুযোগ আছে। সেটা অনিশ্চিত বলেই আমরা মনোনয়পত্র জমা দিয়েছি।"
পাশাপাশি জেলা বিভাগীয় কোটার ১০টি পদের জন্য জমা পড়েছে ২৪টি মনোনয়নপত্র। আর একটি কোটায় বিভিন্ন সার্ভিসেস দলসহ সাবেক ক্রিকেটারদের জন্য বরাদ্দ আছে একটি পদ। তার জন্য জমা পড়েছে ৫টি মনোনয়নপত্র। তার মধ্যে তিনজন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ---- রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু ও ফারুক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২৫ঘ.
bdnews24