২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যুটিংয়ের সাধারণ সম্পাদক অবশেষে বিদায় নিলেন

অনেক অভিযোগ মাথায় নিয়ে অবশেষে পদত্যাগ করেছেন শ্যুটিং ফেডারেশন সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অনেক অভিযোগ মাথায় নিয়ে অবশেষে পদত্যাগ করেছেন শ্যুটিং ফেডারেশন সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন আহমেদ। বুধবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন জাতীয় শ্যুটিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আসহাব উদ্দিনের কাছে। নাজিমউদ্দিন নিজেও খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, "আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। সরকারি কাজ করে ফেডারেশন চালানো কঠিন হয়ে যায় আমার জন্য। কারণ অফিস থেকে ফিরতে রাত হয়ে যায়।" মজার ব্যাপার হচ্ছে, অনেক আগে থেকেই তিনি সরকারি আমলা, কিন্তু রাত হয়ে যাওয়ার অসুবিধা অনুভূত হয়েছে তার দীর্ঘ আট বছর শ্যুটিং ফেডারেশনে কাটানোর পর। অন্য একটা সূত্র জানিয়েছে, শ্যুটিংয়ের মান ক্রমশ অবনমন এবং শ্যুটারহীন করে ফেলা ফেডারেশনে গতি ফেরাতে নাজিমউদ্দিনকে পদত্যাগ করতে বলা হয়েছে সরকারের ওপর মহল থেকে। তার আমলাতান্ত্রিক মানসিকতার খপ্পড়ে পড়েছিল শ্যুটিং ফেডারেশনের কর্মকাণ্ড। এছাড়া শ্যুটিং ফেডারেশন আয়োজিত সেমিনারে বিভিন্ন সময় সাবেক শ্যুটাররা সাধারণ সম্পাদকের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। শ্যুটিংয়ের জন্য অস্ত্র-গোলাবারুদ কেনার চেয়ে অন্যান্য খাতের দিকেই নাকি তার নজর ছিল বেশি। তার সময়েই সোনাজয়ী শ্যুটার আসিফ হোসেন খানসহ অন্যান্য শ্যুটারদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। এবং এ সময় সাধারণ সম্পাদক হিসেবে নাজিমউদ্দিনের বিতর্কিত ভূমিকা নানাভাবে সমালোচিত হয়েছিল। তাছাড়া ফেডারেশনে আত্মীয়করণ ও ফেডারেশনকে ঘিরে তার নানা ব্যবসা ফাঁদার অতীত কাহিনীও পদত্যাগে প্রভাবক হিসেবে কাজ করেছে। শুধু সাধারণ সম্পাদক নয়, আরো কয়েকজন ব্যর্থ কর্মকর্তাকে একইভাবে ফেডারেশন থেকে বিদায় করার চিন্তা করছে ফেডারেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ। নাজিমউদ্দিনের পদত্যাগে যুগ্ম সম্পাদক আলেয়া ফেরদৌসী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাজ চালিয়ে যাবেন বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১৫ঘ.