বুয়েনস এইরেস, ৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার কোচ হওয়ার পর এটাই ডিয়েগো ম্যারাডোনার প্রথম দল ঘোষণা। অথচ সেই দলে নেই তার প্রিয় ফুটবলার লিওনেল মেসি! তবে মেসির বাদ পড়ার পেছনে কোনো রহস্যময় ব্যাপার নেই। বার্সেলোনার সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) চুক্তির অংশ হিসাবেই এ মাসে স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে মেসিকে রাখা সম্ভব হয়নি ম্যারাডোনার।
বার্সেলোনা আর এএফএ'র চুক্তিটা হয়েছিল বেইজিং অলিম্পিকের ঠিক আগে। ফিফার নিয়মানুযায়ী অলিম্পিকের জন্য ২৩ বছরের কম বয়সী যে কোনো খেলোয়াড়কে ছাড়তে ক্লাবগুলো বাধ্য। কিন্তু অলিম্পিক চলার সময়ে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় মেসিকে ছাড়তে রাজি হচ্ছিল না 'বার্সা'। আর তাই 'কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস' (সিএএস)-এ ফিফার নিয়মের বিরুদ্ধে আপিল করেছিল তারা।
তবে সেই আপিলে জয় পেলেও শেষ পর্যন্ত অলিম্পিকের জন্য মেসিকে ছাড়তে রাজি হয়েছিল বার্সেলোনা। কিন্তু সেই সঙ্গে জুড়ে দিয়েছিল একটা শর্ত। সেই শর্ত অনুযায়ী এ মৌসুমে আর্জেন্টিনার কোনো প্রীতি ম্যাচে মেসি অংশ নিতে পারবেন না।
আর তাই স্কটল্যান্ডের মাঠে ১৯ নভেম্বর অনুষ্ঠেয় ম্যাচটার জন্য মেসিকে রাখতে পারেননি ম্যারাডোনা। আর্জেন্টাইন 'ফুটবল-ঈশ্বর' অবশ্য এএফএ'র সঙ্গে বার্সেলোনার সমঝোতাটাকে শ্রদ্ধার চোখেই দেখছেন।
এমনিতে ম্যারাডোনার ঘোষিত প্রথম দলে তেমন কোনো চমক নেই। শোনা যাচ্ছিল দুই অভিজ্ঞ ডিফেন্ডার হাভিয়ের জানেত্তি ও গ্যাব্রিয়েল হাইঞ্জ বাদ পড়তে পারেন। নেতৃত্বে অর্থাৎ কোচিংয়ে পরিবর্তন আসার খড়গটা এই দুজনের ওপরে পড়তে পারে বলেই এমন একটা গুঞ্জন ছিল। তবে প্রথম 'অ্যাসাইনমেন্টে' কোনো বিতর্কের পথে হাঁটেননি ম্যারাডোনা। জানেত্তি-হাইঞ্জকে তো রেখেছেনই, সেই সঙ্গে জানিয়েছেন খারাপ ফর্মে থাকা প্লেমেকার হুয়ান রিকুয়েলমেকেও কয়েক দিন পর এই দলে রাখার ঘোষণা দিতে পারেন তিনি। মঙ্গলবার শুধু বিদেশের ক্লাবগুলোতে খেলা ফুটবলারদের নিয়েই দল ঘোষণা করেছেন ম্যারাডোনা।
আর্জেন্টিনা দল :
গোলরক্ষক : হুয়ান পাবলো ক্যারিজো, সার্জিও রোমেরো।
ডিফেন্ডার : নিকোলাস বুর্দিসো, ফ্যাব্রিসিও কলোচ্চিনি, মার্টিন ডেমিচেলিস, ড্যানিয়েল ডিয়াজ, গ্যাব্রিয়েল হাইঞ্জ, হাভিয়ের জানেত্তি।
মিডফিল্ডার : অ্যাঞ্জেল ডি মারিয়া, ফার্নান্দো গ্যাগো, লুই গঞ্জালেজ, হোনাস গুতিয়েরেজ, হাভিয়ের মাসকেরানো, ম্যাক্সিমিলিয়ানো রড্রিগেজ, হোসে সোসা।
স্ট্রাইকার : সার্জিও অ্যাগুয়েরো, জার্মান ডেনিস, এজেকুইয়েল লাভেজ্জি, লিসান্দ্রো লোপেজ, কার্লোস তেভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১৫ঘ.
bdnews24