লন্ডন, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একশভাগ জয়ের রেকর্ডটা ধরে রাখতে পারেনি বার্সেলোনা, আগের রাউন্ডে যাদের ৫-০ গোলে হারিয়েছিল সেই এফসি বাসেলের সঙ্গে মঙ্গলবার রাতে ১-১ গোলে ড্র করেছে তারা। কিন্তু এই ড্র থেকে পাওয়া একটা পয়েন্টই সবার আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে পৌঁছে দিয়েছে স্প্যানিশ লিগের সাবেক চ্যাম্পিয়নদের। ইউক্রেনের শাখতার দোনেতস্ককে একমাত্র গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে পর্তুগালের স্পোর্টিং লিসবনও।
অন্য দিকে এই রাতেই গ্রুপ পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে ইংলিশ লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসির। দুঃস্বপ্নের এক ম্যাচে এএস রোমার কাছে ১-৩ গোলে হেরেছে তারা, সেই সঙ্গে হারিয়েছে মাঝমাঠের তারকা ডেকোকেও। লালকার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলে জন্ম নেওয়া এই পর্তুগিজ মিডফিল্ডার।
হারতে বসেছিল ইংলিশ লিগে চেলসির সতীর্থ লিভারপুলও। কিন্তু শেষ বাঁশি বাজার চার মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে তাদের বাঁচিয়ে দিয়েছেন স্টিভেন জেরার্ড। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
দিনের অন্যান্য ম্যাচে জার্মানির ওয়ের্ডার ব্রেমেনকে ৩-০ গোলে হারিয়েছে গ্রিসের প্যানাথিনাইকোস, নেদারল্যান্ডসের পিএসভি এইন্দহোফেনের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে ফ্রান্সের মার্সেই আর আরেক ফরাসি ক্লাব বোর্দু ২-১ গোলে হারিয়েছে রুমানিয়ার সিএফআর ক্লুজকে। কিন্তু জিততে পারেনি ইতালির ইন্টার মিলান, তাদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাইপ্রাসের অ্যানরথসিস ফ্যামাগুস্তা এখন স্বপ্ন দেখছে শেষ ষোলোতে খেলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৩৫ ঘ.
bdnews24