রিও ডি জেনিরো, ৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইন্টার মিলানের সর্বশেষ দুই ম্যাচে দলে রাখা হয়নি তাকে। তারপরও এ মাসে পর্তুগালের বিপক্ষে এক প্রীতি ম্যাচে আদ্রিয়ানোকে দলে রেখেছেন ব্রাজিল কোচ ডুঙ্গা। আছেন গতবারের ফিফা বর্ষসেরা ফুটবলার কাকাও। কিন্তু গত মাসে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচে সুযোগ না পাওয়া রোনালদিনিয়োকে আবারো উপেক্ষা করেছেন ডুঙ্গা।
ফিটনেস সমস্যা কাটিয়ে এ মৌসুমে দীর্ঘ দিন পর মাঠে ফেরা আদ্রিয়ানোকে গত সপ্তাহে ফিওরেন্টিনা ও রেজ্জিনার বিপক্ষে দুই ম্যাচে মাঠের বাইরে বসে থাকতে হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেশ থেকে দেরিতে ফেরায় ইন্টারের প্রশিক্ষণে যোগ দিতে পারেননি তিনি।
কিন্তু আদ্রিয়ানোর আচরণে কোনো দোষ খুঁজে পাননি ডুঙ্গা। এবং ইন্টারের সঙ্গে তার ঝামেলাকে বিন্দুমাত্র পাত্তা দিতেও রাজি নন ব্রাজিল কোচ, "নিজের মতবাদের ওপরে আমাকে আস্থা রাখতেই হবে। আমি আসলে ঝামেলার ব্যাপারে কিছু জানিই না। সমস্যা হয়ে থাকলেও তা তেমন গুরুতর কিছু নয় বলেই মনে হয়েছে আমার। সমস্যা যা হয়েছে সেটা ইন্টারের সঙ্গে। কিন্তু সে (আদ্রিয়ানো) এখানে আসার পর আমরা তা নিয়ে কথা বলছি। আদ্রিয়ানোর আচরণ এক কথায় চমৎকার। আর সে তার সেরা ফর্মেও ফিরছে।"
১৯ নভেম্বর ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচটা। ১৯৮৯ সালের পর এটাই ব্রাজিলে পর্তুগালের প্রথম সফর।
ব্রাজিল দল :
গোলরক্ষক : জুলিও সিজার, দোনি।
ডিফেন্ডার : মাইকন, ড্যানিয়েল আলভেজ, লুসিও, মিরান্ডা, থিয়াগো সিলভা, লুইজাও, ক্লেবার, মার্সেলো।
মিডফিল্ডার : জিলবার্তো সিলভা, এলানো, অ্যান্ডারসন, জোসুয়ে, কাকা, ডিয়েগো, মানচিনি, অ্যালেক্স মেসচিনি।
ফরোয়ার্ড : রবিনিয়ো, লুই ফ্যাবিয়ানো, আলেকজান্দ্রে পাতো, আদ্রিয়ানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০০ঘ.
bdnews24