লন্ডন/মাদ্রিদ/রোম, ২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বার্সেলোনা, চেলসি ও জুভেন্টাসের সহজ জয়, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের লড়াই করে পাওয়া জয় এবং লিভারপুল, আর্সেনাল ও ভ্যালেন্সিয়ার বিস্ময় জাগানো পরাজয় ---- এক কথায় শনিবারের রাতটা ইউরোপের পরাশক্তি ক্লাবগুলোর সামনে এসেছে মিশ্র অভিজ্ঞতা নিয়ে। নাটকীয়তা, উত্তেজনা আর রোমাঞ্চের ভীড়ে যে রাতে সবচেয়ে বড় চমক টটেনহাম হটস্পারের জয়।
এ মৌসুমের শুরু থেকেই 'স্পার্স' নামে পরিচিত দলটি ভীষণ দুরবস্থার মধ্যে। একের পর এক পরাজয় ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবচেয়ে নিচে পৌঁছে দিয়েছিল তাদের। গত সপ্তাহে তাই কোচের পদ থেকে হুয়ান্দে র্যামোসকে সরিয়ে হ্যারি রেডন্যাপকে অনেকটা বাধ্য হয়েই দায়িত্ব দিয়েছে টটেনহাম। আর রেডন্যাপের অধীনে শুরু থেকেই চমক দেখাচ্ছে 'স্পার্স'। পোর্টসমাউথকে হারিয়ে মৌসুমে প্রথম জয় পাওয়া লন্ডনের ক্লাবটি গত বুধবার 'প্রতিবেশী' আর্সেনালের সঙ্গে শেষ ৫ মিনিটে দু বার লক্ষ্যভেদের মাধ্যমে ৪-৪ গোলে ড্র করে সবাইকে অবাক করেছিল। শনিবার তারা লিগশীর্ষে থাকা লিভারপুলকে হারিয়েই দিয়েছে ২-১ গোলে।
ম্যাচের তৃতীয় মিনিটে ডার্ক কিউয়েটের গোলে লিভারপুল এগিয়ে গেলেও ৬৯ মিনিটে জেমি ক্যারাহারের আত্মঘাতী গোল সমতায় ফিরিয়েছে টটেনহামকে। আর অন্তিম সময়ে রুশ স্ট্রাইকার রোমান পাভলিউচেঙ্কোর গোল তাদের এনে দিয়েছে অসাধারণ এক জয়। যে জয়ে টটেনহামে এখন উৎসবের আমেজ। অন্যদিকে শোকে মুহ্যমান লিভারপুল কোচ রাফায়েল বেনিটেজের বিশ্বাসই হতে চাইছে না এই পরাজয়, "আমি বিশ্বাসই করতে পারছি না যে আমরা হেরেছি। প্রত্যেকেই দেখেছে যে আমরাই এই ম্যাচে অপেক্ষাকৃত ভালো দল ছিলাম। আমরা সব কিছুই নিয়ন্ত্রণ করেছি।"
লিভারপুলের মতো আর্সেনাল শিবিরও এখন শোকে স্তব্ধ। নবাগত স্টোক সিটির কাছে 'গানার'রা শুধু ১-২ গোলে হেরেই যায়নি, হারিয়েছে দু জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেও। এদের মধ্যে এক জন থিও ওয়ালকট কাঁধের ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন স্ট্রেচারে শুয়ে। গত মৌসুমে আর্সেনালের সফলতম স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োরকেও মাঠ ছাড়তে হয়েছে ইনজুরির জন্য। রবিন ফন পার্সি লালকার্ড দেখে রাতটা আরো বেশি বিস্মরণীয় করে রেখেছেন 'গানার'দের জন্য।
ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যও রাতটা দুঃস্বপ্নময় হতে পারতো। তা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে। রোনালদোর জোড়া গোলে ম্যানইউ বেশ লড়াই করেই ৪-৩ ব্যবধানে হারিয়েছে আরেক নবাগত হাল সিটিকে। 'রেড ডেভিল'দের অন্য গোল দুটো মাইকেল ক্যারিক ও নেমানিয়া ভিদিচের। চেলসির অবশ্য জয় পেতে সমস্যা হয়নি। নিকোলাস আনেলকার হ্যাটট্রিকে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সান্ডারল্যান্ডকে। 'ব্লুজ'-এর অন্য দুই গোলদাতা অ্যালেক্স ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
হেরে গেলেও লিগের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি ও লিভারপুল। ১১টি ম্যাচ খেলে দু দলেরই সংগ্রহ ২৬ পয়েন্ট করে। চেলসি অবশ্য গোলগড়ে এগিয়ে। অন্যদিকে ১০ ম্যাচে ম্যানইউ'র পয়েন্ট ২১, আর তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসির ২০।
স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় বার্সেলোনার জয়যাত্রা অব্যাহত আছে। প্রবল বৃষ্টির বাধা উপেক্ষা করে তারা মালাগাকে তাদের মাঠেই বিধ্বস্ত করেছে ৪-১ গোলে। দুই গোল করেছেন 'ইউরো ২০০৮'-এর সেরা ফুটবলার নির্বাচিত জাভি। লিওনেল মেসি করেছেন একটি, অন্য গোলটা আত্মঘাতী। সব প্রতিযোগিতা মিলিয়ে এটা 'বার্সা'র টানা একাদশ জয়। যে জয়ের ফলে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তারাই 'লা লিগা'র শীর্ষে।
বার্সেলোনার শীর্ষে ওঠার কারণ ভ্যালেন্সিয়ার অপ্রত্যাশিত পরাজয়। আগের রাউন্ড শেষে শীর্ষে থাকা ভ্যালেন্সিয়া শনিবার ঘরের মাঠে ২-৪ গোলে হেরে গেছে রেসিং সান্তানদারের কাছে। এই ম্যাচে হ্যাটট্রিক করে সান্তানদারের জয়ের নায়ক মোহাম্মদ টিচিটে। বিজয়ী দলের অন্য গোলটা ছিল আত্মঘাতী। ভ্যালেন্সিয়ার গোল দুটো ডেভিড ভিয়া (পেনাল্টি থেকে) ও হোয়াকিনের।
হেরে যাওয়ায় ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়ার অবস্থান আপাতত তৃতীয়। তবে রোববার রিয়াল মাদ্রিদ জয় পেলে আরো পিছিয়ে পড়বে তারা। শনিবার অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিলারিয়াল। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে রিয়াল মায়োরকাকে। দুটো গোলই করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো।
ইতালিয়ান সিরি 'এ'তে দুই পরাশক্তির লড়াইয়ে জয় হয়েছে জুভেন্টাসের। গতবারের রানার্সআপ রোমাকে তারা হারিয়েছে ২-০ গোলে। গোল করেছেন অভিজ্ঞ স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরো ও মিডফিল্ডার মার্কো মারচিওন্নি। আরেক ম্যাচে ইনজুরি সময়ে ইভান কর্দোবার লক্ষ্যভেদে ইন্টার মিলান ৩-২ গোলে হারিয়েছে রেজ্জিনাকে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের অন্য গোল দুটো ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইকন ও ফ্রান্সের অভিজ্ঞ মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরার।
এই জয় দিয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আপাতত ইন্টারের অবস্থান শীর্ষে। তবে রোববার উদিনেস, নাপোলি বা এসি মিলান জয় পেলে শীর্ষস্থান থেকে ছিটকে পড়তে হবে ইতালিয়ান চ্যাম্পিয়নদের। অন্যদিকে ১০ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলে মাত্র ৭ পয়েন্ট পাওয়া রোমা এখন ভীষণ বিপদের মধ্যে। টানা চতুর্থ পরাজয়ে সিরি 'এ'র বর্তমান রানার্সআপদের অবস্থান এই মুহূর্তে 'রেলিগেশন জোন' অর্থাৎ সবচেয়ে নিচে থাকা তিন দলের ঠিক ওপরে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪৫ঘ.
bdnews24