বুয়েনস এইরেস, ১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডিয়েগো ম্যারাডোনার সহকারী হতে রাজি হয়েছেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলে তার দুই সতীর্থ সার্জিও বাতিস্তা আর হোসে লুই ব্রাউন।
আর্জেন্টিনার নতুন কোচ হওয়ার লড়াইয়ে ছিলেন বেইজিং অলিম্পিকজয়ী আর্জেন্টাইন দলের কোচ বাতিস্তা আর সহকারি কোচ ব্রাউনও। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি হুলিও গ্রন্ডোনা শেষ পর্যন্ত বেছে নিয়েছেন ম্যারাডোনাকে। গ্রন্ডোনার কাছ থেকে কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার পর থেকেই ম্যারাডোনা বলে আসছিলেন ১৯৮৬'র সেই দলের কোচ কার্লোস বিলার্দোর মতোই বাতিস্তা আর ব্রাউনকেও সঙ্গী হিসেবে চান তিনি। কিন্তু বাতিস্তা শুরুতে রাজি হতে চাননি সেই প্রস্তাবে। তার কাছে নাকি এই প্রস্তাব 'স্পষ্ট' হচ্ছিল না।
শুক্রবার ম্যারাডোনার সঙ্গে বৈঠকের পর কেটে গেছে সেই অস্পষ্টতা। খুশির সুরে আর্জেন্টাইন ফুটবলের সর্বকালের সেরা তারকা বলেছেন, "বৈঠকটা খুবই ইতিবাচক ছিল। আমি খুবই খুশি। দেখলাম যে তারা দুজনে (বাতিস্তা ও ব্রাউন) ঠিক আমার মতোই উৎসাহী আর আমিও ঠিক এটাই চাইছি।"
ম্যারাডোনার সঙ্গে বৈঠকশেষে বাতিস্তাও আনন্দিত। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তার মন্তব্য, "আমি খুশি, কারণ ম্যারাডোনা বলেছেন আমরা একটা দল ছিলাম, পরস্পরের ভাবনাগুলো জেনে নেওয়াই উচিত আমাদের। যদিও শেষ পর্যন্ত তার কথাই চূড়ান্ত হবে, এটা নিশ্চিত। (কোচ হিসাবে) ডিয়েগো ম্যারাডোনা খুবই ভালো পছন্দ। সে দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। তার মধ্যে উৎসাহের কোনো অভাব নেই আর কাজ শুরু করার জন্যও সে ব্যগ্র।" বাতিস্তা-ব্রাউনরা অবশ্য আর্জেন্টিনার যুব দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না, আগের পদে থেকেই বাড়তি দায়িত্ব হিসেবে ম্যারাডোনা ও বিলার্দোর কোচিং টিমে যোগ দিচ্ছেন তারা। বাতিস্তা সে কথা জানিয়েওছেন, "যুব দলের কী হবে আমি তা-ও জানতে চেয়েছিলাম।"
আর্জেন্টিনার দায়িত্ব নিতে উন্মুখ হলেও ম্যারাডোনা ভালো করেই জানেন নতুন ভূমিকার শুরু থেকে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে তাকে। মেসি-অ্যাগুয়েরো-তেভেজ-রিকুয়েলমের মতো এক দল প্রতিভাবান ফুটবলার থাকলেও সময়টা ইদানিং ভালো কাটছে না দু বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সর্বশেষ ৮ ম্যাচে মাত্র এক বার জয়ের আনন্দে মেতে উঠতে পেরেছে তারা। ভাবী শিষ্যদের উজ্জীবিত করার লক্ষ্যে তিনি বলেছেন, "আর্জেন্টাইন জাতীয় দল অনেকটা ধূলোয় ঢেকে থাকা রোলস রয়েসের মতো। এটাকে পরিষ্কার করা দরকার।"
এদিকে ম্যারাডোনা তার পরিকল্পিত ইংল্যান্ড সফর বাতিল করেছেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার আগেই বর্তমান আর্জেন্টিনা দলের দুই তারকা
bdnews24