২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে জিততে দিল না ব্রাদার্স

শুরুতে ফয়সাল মাহমুদ ক্রসবারে শট মেরে যে 'কুফা' লাগিয়েছিলেন মাঝে তা কেটে গেছে মনে হলেও ম্যাচ শেষে সেই 'কুফা'র গল্পই সত্যি হয়েছে। ব্রাদার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারাতে হয়েছে শিরোপা প্রত্যাশী ঢাকা মোহামেডানকে। তাদের সংগ্রহ ৪ ম্যাচে পয়েন্ট ৮ পয়েন্ট, আর একটি ম্যাচ বেশি খেলে ব্রাদার্সের ৯ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শুরুতে ফয়সাল মাহমুদ ক্রসবারে শট মেরে যে 'কুফা' লাগিয়েছিলেন মাঝে তা কেটে গেছে মনে হলেও ম্যাচ শেষে সেই 'কুফা'র গল্পই সত্যি হয়েছে। ব্রাদার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারাতে হয়েছে শিরোপা প্রত্যাশী ঢাকা মোহামেডানকে। তাদের সংগ্রহ ৪ ম্যাচে পয়েন্ট ৮ পয়েন্ট, আর একটি ম্যাচ বেশি খেলে ব্রাদার্সের ৯ পয়েন্ট। প্রথম আক্রমণেই গোল পেতে পারতো মোহামেডান। ৪ মিনিটে ডানদিক থেকে পাঠানো নাসিরের ক্রসে ফয়সাল মাহমুদের দুর্দান্ত ভলিটি ক্রসবারে গিয়ে ঠেকে গেলে মোহামেডান গোল বঞ্চিত হয়। সঙ্গে সঙ্গেই প্রেসবক্সে শুরু হয় 'কুফা'র গল্প, বারে লাগলে নাকি গোল পাওয়া এবং ম্যাচ জেতা কঠিন ! ফুটবল সমর্থকদের চিরায়ত এই সংস্কার খানিকটা মিথ্যা হয়েছে মোহামেডান গোল করায়। তবে সত্যিও হয়েছে ব্রাদার্স সেই গোল শোধ করে ম্যাচ ড্র করায়। এই ড্র ম্যাচ ব্রাদার্স শিবিরে জয়ের উত্তেজনা ছড়িয়ে দেওয়ার মতোই আনন্দ। তাদের কোচ ওয়াসিম ইকবালের চোখে এটা সীমিত সামর্থ্য দিয়ে ভাল ফল, "আমি বারবার বলে আসছি ব্রাদার্সের মূল সমস্যা স্ট্রাইকিং জোনে, ভাল একজন স্ট্রাইকার থাকলে আমরা ম্যাচ জিততেও পারতাম। মাঝমাঠ ভাল খেলছে তাই আমরা ম্যাচ ড্র করতে পেরেছি।" আর মোহামেডানের কোচ মারুফুল হকের আক্ষেপ, "অনেকদিন দলটা ম্যাচের বাইরে থাকার কুফল এটা। খেলোয়াড়দের মধ্যে সমঝোতাটা আগের মতো নেই। সেটা ঠিক হয়ে গেলে আবার ম্যাচ জয়ের ধারাবাহিকতায় ফিরবে দল।" আসলে মোহামেডানের খেলায় আগের মতো গতি ছিল না বৃহস্পতিবার। ছন্নছাড়া মাঝমাঠে ভাল আক্রমণ দানা বেঁধে ওঠেনি। এলোমেলো আক্রমণ করেছে, আগে যেরকম চমৎকার সুযোগ তৈরি করতো সেটা পারেনি তারা। তারপরও গোল পেয়ে গেছে বুকোলার নৈপুন্যে। গায়ে গায়ে এক ডিফেন্ডার লেগে থাকা অবস্থায় এই নাইজেরিয়ান টাচলাইন অতিক্রম করার আগমুহুূর্তে বলটা বুটের ডগা দিয়ে তুলে দিয়েছেন। তাতে হেড করে রবিন ৩২ মিনিটে এগিয়ে দেন সাদাকালোদের। লিগের চতুর্থ ম্যাচে এটা তার তৃতীয় গোল। অথচ তখন মাঝমাঠ নিয়ন্ত্রণ করছিল ব্রাদার্স ইউনিয়ন। মতিউর মুন্না, জাহিদ হোসেন, অরূপ বৈদ্যরা আক্রমণ তৈরি করে সামনের দিকে পাঠালেও ফরোয়ার্ডরা তাল মেলাতে পারছিলেন না। মেলাতে পারলে ১৬ মিনিটেই মাইকেল ওনিয়া সফল হতেন। ডানদিক থেকে জাহিদ পারভেজের ক্রসটি তপুর মাথা ছুঁইয়ে এই নাইজেরিয়ানের পায়ে পড়লেও মোহামেডানের গোলের সামনে তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেননি বলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে জাহিদ নিজে একটি সুযোগ নষ্ট করেছেন ক্রসবার উঁচিয়ে মেরে। কিন্তু দ্বিতীয়ার্ধে আব্দুল্লাহ পারভেজ ব্রাদার্সের ভাগ্য পাল্টে দিয়েছেন মাইকেল ওনিয়ার বদলি হয়ে নেমে। ঢাকা মাঠে তার বাঁ-পায়ের সুখ্যাতি আছে। ৭৭ মিনিটে তার ওই পা থেকে বেরিয়েছে বাঁকা খাওয়ানো শট, যা ধরতে গিয়ে বিভ্রান্ত হয়ে গোলের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন মোহামেডান গোলরক্ষক আমিনুল হক। তিনি পরাস্ত, দুই ডিফেন্ডার পরাস্ত, কিন্তু তাদের মাঝে দাঁড়িযে ব্রাদার্সের রেজাউল করিম লিটনের নেওয়া হেডটি গিয়ে লাগে পোস্টে। ফিরতি বলে তপুর টোকা ম্যাচে ফিরিয়ে আনে ব্রাদার্সকে এবং মোহামেডানের নিয়তি বাঁধা পড়ে ওই 'কুফা'র কুসংস্কারে। সেটা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে ৮৭ মিনিটে বুকোলা যখন তিন ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে গোলমুখ খুলেও বার উঁচিয়ে মারেন। অবিশ্বাস্য এই মিসের পর পরই আরমান আজিজের দুর্দান্ত শট পোস্ট ঘেষে বাইরে চলে যায়। আর তখনই মুছে যায় মোহামেডানের ম্যাচ জয়ের স্বপ্ন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.