২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচকদের পাত্তাই দিচ্ছেন না ম্যারাডোনা

আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও আর্জেন্টিনার পরবর্তী কোচের নাম জানতে আর কারো বাকি নেই। আর্জেন্টাইন 'ফুটবল-ঈশ্বর', সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার আকাশী-সাদা জার্সিধারীদের দায়িত্ব নেয়াটা এখন শুধুই সময়ের ব্যাপার বলা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

বুয়েনস এইরেস, ৩০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও আর্জেন্টিনার পরবর্তী কোচের নাম জানতে আর কারো বাকি নেই। আর্জেন্টাইন 'ফুটবল-ঈশ্বর', সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার আকাশী-সাদা জার্সিধারীদের দায়িত্ব নেয়াটা এখন শুধুই সময়ের ব্যাপার বলা যায়। কিন্তু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার ঘোষণা আসার ঠিক আগে একটা গুঞ্জনে ম্যারাডোনা বেশ বিরক্ত। গুঞ্জনটা তার কোচিং বিষয়ক অনভিজ্ঞতাজনিত। আর সেটাকে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনার '৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক জানিয়েছেন দলকে পরিচালনা করতে তার কোনো সমস্যাই হবে না। নব্বইয়ের দশকের মাঝামাঝি দু বার স্বল্প সময়ের জন্য আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে কোচিংয়ের অভিজ্ঞতা হয়েছিল ম্যারাডোনার। সব মিলিয়ে অভিজ্ঞতাটা মাত্র ২৩ ম্যাচের। কিন্তু বল পায়ে দুনিয়ার কোটি-কোটি ফুটবলপ্রেমীদের বিমোহিত করে দেয়া ম্যারাডোনার দৃঢ় বিশ্বাস কোচ হিসাবে স্বল্প অভিজ্ঞতা তার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, "লোকে আমার অভিজ্ঞতা নিয়ে অনেক কিছুই বলছে। কিন্তু আর্জেন্টিনার জাতীয় দলে আমি দীর্ঘ ২০ বছর কাটিয়েছি। তাই তারা যখন বলে যে আমি অনভিজ্ঞ তখন আমার হাসিই পায়। ফুটবল তো আর পরিবর্তন হয়নি। আমি মনে করি না সেখানে (ফুটবলে) এমন কিছু আছে যা আমাকে বিস্মিত করতে পারে।" বুয়েনস এইরেসে নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একদল সাংবাদিককে কার্লোস বিলার্ডোর উপস্থিতিজনিত সুফলের কথাও জানিয়ে রেখেছেন ম্যারাডোনা। এই বিলার্ডোর কোচিংয়েই ১৯৮৬তে মেক্সিকো বিশ্বকাপ জিতে নিয়েছিল আর্জেন্টিনা। সেবার ম্যারাডোনা ছিলেন দলের সেরা তারকা এবং অধিনায়ক। ২২ বছর পর এবার ম্যারাডোনা যখন কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তখন বিলার্ডোকে হতে যাচ্ছেন দলের জেনারেল ডিরেক্টর। এবং আর্জেন্টাইন ফুটবলের প্রতীকের ধারণা বিলার্ডোর উপস্থিতি তার ভবিষ্যত দলটিকে শুধু সমৃদ্ধই করবে না, সাফল্যের পথেও এগিয়ে দেবে অনেকখানি, "আমার দলে আমি বিলার্ডোকে পেয়েছি। আর অন্য যে কারো চেয়ে তার অভিজ্ঞতাও কম নয়। আমি মনে করি তারা (আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন) সঠিক সময়েই আমাকে দায়িত্বটা দিয়েছে।" কোচ হিসাবে নিজের অনভিজ্ঞতার বিষয়ে ডুঙ্গার প্রসঙ্গও টেনে এনেছেন ম্যারাডোনা। ২০০৬ বিশ্বকাপশেষে ব্রাজিল দলের দায়িত্ব পাওয়ার সময় ডুঙ্গার কোচিং বিষয়ক তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না। তারপরও গত বছর তার অধীনে কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিল। ম্যারাডোনা অবশ্য খেলোয়াড় হিসাবে ডুঙ্গাকে তেমন পছন্দ করেন না, "আমি ডুঙ্গার মতো খেলতাম না। সে দৈহিক শক্তি প্রদর্শন করতো। কিন্তু আমি তা করতাম না।" এদিকে ম্যারাডোনার কোচ হওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন লিওনেল মেসি। ম্যারাডোনার প্রিয় ফুটবলার ও বার্সেলোনা-তারকা জানিয়েছেন, "তাকে নিয়ে কোনো সমস্যাই হবে না। তিনি হলেন গ্রেট। আর্জেন্টাইন ফুটবলকে তিনি যা দিয়েছেন তার জন্য আমি তাকে দারুণ শ্রদ্ধা করি। আমি আশাবাদী। বেইজিং অলিম্পিকে যে প্রজন্ম শিরোপা জিতেছে তারা উঠে আসছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২৫ঘ.