ম্যানচেস্টার, ২৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পেশাদার ফুটবলারদের হিসেবে গত মৌসুমের সেরা ফুটবলারের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের সংগঠন ফিফপ্রো-এর প্রায় ৫৭ হাজার ৫০০ সদস্যের ভোটাভুটির রায়টা গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের এই পতুর্গীজ ফুটবলারের পক্ষে। আর তাদের তৈরি সেরা একাদশে ইংলিশ লিগ এবং স্প্যানিশ লিগের ফুটবলারদের স্পষ্ট আধিপত্য। এই দুই লিগে খেলা ৫ জন করে ফুটবলার আছেন দলে, ইতালি থেকে সুযোগ পেয়েছেন শুধু এসি মিলানের কাকা।
গত মৌসুমটা অসাধারণ কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সব মিলিয়ে ৪২ টি গোল করেছেন, দলকে জিতিয়েছেন লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের সবগুলো পুরষ্কার জয়ে তাই তিনিই ফেভারিট। ফিফপ্রোর এই পুরষ্কারের মাধ্যমে জানা গেল ফুটবলারদের বেশিরভাগও মনে করে তরেস বা মেসি নন, গত মৌসুমে তিনিই ছিলেন সেরা।
এটা ব্যালন ডি অর বা ওয়ার্ল্ড ফুটবলার অব দ্য ইয়ারের মতো সম্মানজনক পুরষ্কার হয়ত নয়, কিন্তু ফুটবলারদের ভোটে সেরা নির্বাচিত হওয়ার মধ্যে একটা অন্যরকম সন্তুষ্টি আছে। রোনালদো জানালেন সেটাই,''প্রায় ৫০ হাজারের মতো সতীর্থ ফুটবলারদের বিবেচনায় সেরা নির্বাচিত হওয়াটা একটা দারুণ ব্যাপার। আমি আমার সতীর্থ, কোচ এবং ক্লাবকে এই কৃতিত্বের অংশীদার মনে করি। ধন্যবাদ দিতে চাই তাদেরকে।''
সেরা ফুটবলার নির্বাচনের পাশাপাশি খেলোয়াড়দের ভোটে সেরা একাদশও নির্বাচন করে থাকে পেশাদার ফুটবলারদের এই সংগঠনটি। ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলেও দলে সর্বোচ্চ খেলোয়াড় বার্সেলোনার, ৩ জন। রিয়াল মাদ্রিদ, লিভারপুল এবং ম্যানচেস্টারের আছেন দুজন করে ফুটবলার।
সেরা একাদশ
গোলরক্ষক : ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ)
ডিফেন্ডার : সের্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), কার্লোস পুয়োল (বার্সেলোনা), জন টেরি (চেলসি), রিও ফার্দিনান্দ (ম্যানচেস্টার)
মিডফিল্ডার : স্টিভেন জেরার্ড (লিভারপুল), জাভি (বার্সেলোনা), কাকা (এসি মিলান)
ফরোয়ার্ড : ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার), ফার্নান্দো তরেস (লিভারপুল), লিওনেল মেসি (বার্সেলোনা)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক/এমএম/২১০৫ঘ.
bdnews24