মাদ্রিদ/মিলান, ২৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিন বার্সেলোনা আলমেরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও রোববার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় অত সহজে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগের গত দুই বারের চ্যাম্পিয়নরা বেশ ঘাম ঝরিয়েই ৩-২ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। রিয়াল মাদ্রিদ তা-ও জিতেছে। কিন্তু নিজেদের মাঠে সেটাও পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ইতালিয়ান সিরি 'আ' তে তারা গোলশূন্য ড্র করেছে জেনোয়ার সঙ্গে।
ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ১৩ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ওয়েসলি স্নাইডার। ১৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গঞ্জালো হিগুয়েইন। কিন্তু বিরতির আগে দুটো গোলই শোধ করে ফেলেছে বিলবাও। ৩৫ মিনিটে হোসেবা এজেবেরিয়া এবং বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে আন্দোনি ইরাওলা গোল করলে প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়। তবে ৫৯ মিনিটে হিগুয়েইন ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে এনে দিয়েছেন মধুর এবং গুরুত্বপূর্ণ এক জয়। বিলবাওয়ের ফার্নান্দো আমোরেবিয়েতা লালকার্ড দেখায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের জয় পেতে সুবিধা হয়েছে আরো।
'প্রিমেরা লিগা'য় দিনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও নাটকীয় ম্যাচটা অবশ্য ভিলারিয়ালের মাঠে হয়েছে। যে ম্যাচে ৪-২ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত দশ জনে পরিণত হওয়া অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে ভিলারিয়াল। ম্যাচের শুরুতে অবশ্য অ্যাটলেটিকোই এগিয়ে গিয়েছিল। তা-ও আবার দুই গোলে। তবে প্রথম মিনিটে সিমাও সাব্রোসা এবং ২২ মিনিটে ডিয়েগো ফোরলানের লক্ষ্যভেদে ২-০ গোলের অগ্রগামিতার আনন্দ নিয়ে অ্যাটলেটিকো প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। অবশ্য বিরতির ঠিক আগে এভার বানেগার লালকার্ড সুবিধাও করে দিয়েছে ভিলারিয়ালকে। সেই সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে মার্কোস সেনা, লরেন্ত, রড্রিগেজ আর রসির গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় তারা। কিন্তু ৮৩ ও ৮৫ মিনিটে সিমাও ও রাউল গার্সিয়ার লক্ষ্যভেদে প্রতিপক্ষের মাঠে মূল্যবান একটি পয়েন্ট ছিনিয়ে নিয়েছে অ্যাটলেটিকো।
এই ড্রয়ের ফলে এ মৌসুমে 'প্রিমেরা লিগা'য় এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভিলারিয়াল আট রাউন্ডশেষে ১৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে চতুর্থ স্থানে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দু দলেরই সংগ্রহ ১৯ পয়েন্ট হলেও গোলগড়ে এগিয়ে থাকায় 'বার্সা'র অবস্থান দ্বিতীয়। ডেভিড ভিয়ার লক্ষ্যভেদে রিক্রিয়েটিভো হেলভার সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভ্যালেন্সিয়া।
স্পেনের মতো ইতালিতেও আট রাউন্ড শেষ। কিন্তু সিরি 'আ'তে ওপরের পাঁচটি দলের মধ্যে এখন দারুণ জমজমাট লড়াই চলছে। কারণ পয়েন্ট টেবিলের সেরা পাঁচ দলের পয়েন্টের ব্যবধান মাত্র এক! উদিনেস, ইন্টার মিলান ও নাপোলি তিন দলেরই সংগ্রহ ১৭ পয়েন্ট। তাই গোলগড়ের হিসাবে উদিনেস, ইন্টার ও নাপোলিকে রাখা হয়েছে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে। তাদের চেয়ে ঠিক এক পয়েন্ট পেছনে আছে এসি মিলান ও ফিওরেন্টিনা। তবে ভালো গোলগড়ের সুবাদে এসি মিলানের অবস্থান চতুর্থ।
শীর্ষস্থানে তিন দলের সাম্যাবস্থার কারণ ইন্টারের ড্র এবং উদিনেস ও নাপোলির জয়। রোববার ঘরের মাঠে গতবারের রানার্সআপ রোমাকে রীতিমতো নাকাল করে উদিনেস জিতেছে ৩-১ গোলে। আন্তনিও দি নাতালের দুটো (যার প্রথমটি পেনাল্টি থেকে) ও ফ্লোরো ফ্লোরেসের এক গোলে উদিনেস ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৭৫ মিনিটে পেনাল্টি থেকে রোমার সান্ত্বনাসূচক গোলদাতা অধিনায়ক ফ্রানসেস্কো টট্টি।
নাপোলির জয়কে অবশ্য সৌভাগ্যপ্রসূত বলতে হবে। কারণ লাৎসিওর মাঠ থেকে তারা ১-০ গোলে জয় নিয়ে ফিরেছে সিভিগলিয়ার আত্মঘাতী গোলের সুবাদে। তবে মিলান জিতেছে নিজেদের কৃতিত্বেই। ৮০ মিনিটে কাকার লক্ষ্যভেদে তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছে আটালান্টাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৪৬ঘ.
bdnews24