কুয়ালালামপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- যাদের সঙ্গে ড্র করে বাংলাদেশ একটি পয়েন্ট পেয়েছিল সেই ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলই ৪০তম মারদেকা কাপের শিরোপা জিতেছে। শনিবার অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৬-৫ গোলে মালয়েশিয়াকে হারিয়ে স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবিয়েছে।
এদিন বুকিত জলিল স্টেডিয়ামে ২৫ হাজারেরও বেশি দর্শক হাজির হয়েছিল ফাইনাল দেখতে। মালয়েশিয়া ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলে তাদের বঞ্চিত করেনি। কিন্তু প্রতিপক্ষ ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দল মনযোগী ছিল রক্ষণ-কাজে। এই করেই তারা ১২০ মিনিট ঠেকিয়ে রাখে মালয়েশিয়াকে। অনেক সুযোগ তৈরি করেও শেষপর্যন্ত গোল না পেয়ে তাদের টাইব্রেকারের নিয়তি মেনে নিতে হয়।
টাইব্রেকারেও দু'দলকে আলাদা করা যাচ্ছিল না। দু-পক্ষের প্রথম পাঁচটি করে শট গোল হয়। কিন্তু ষষ্ঠ শটে এসে আটকে যায় মালয়েশিয়া; নুরহাফিজ মিসবাহর শট ঠেকিয়ে দেন ভিয়েতনাম গোলরক্ষক। তারপর মাই তেনের শট মালয়েশিয়ার জালে জড়িয়ে গেলে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের শিরোপা নিশ্চিত হয়ে যায়।
গ্র"পের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর ভিয়েতনাম রক্ষণাত্মক কৌশলে খেলেই মারদেকা কাপ জিতে নিল। সিয়েরালিওনের বিপক্ষেও একইভাবে খেলে সেমিফাইনাল জিতেছিল টাইব্রেকারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24