ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- মারদেকা কাপ খেলে এসে হঠাৎ করে শফিকুল ইসলাম মানিকের মনে হচ্ছে বিদেশী ফুটবলাররাই সর্বনাশ করছে এদেশের ফুটবলের। ভাল মানের দেশী স্ট্রাইকার উঠে না আসার বড় কারণ হিসেবে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিদেশীদের।
মারদেকা কাপ উত্তর সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বাংলাদেশের এই নতুন কোচ স্ট্রাইকার-সংকটের কথা তুলে ধরে বলেছেন, " আমাদের ক্লাব ফুটবলে স্ট্রাইকিং পজিশনে দেশী খেলোয়াড়রা খুব কম খেলে। বিদেশী খেলোয়াড়ই বেশি। যে কারণে আমাদের স্ট্রাইকার উঠে আসছে না। এখন বিদেশী খেলোয়াড় বন্ধ করে দেওয়া উচিত।"
অগ্রপশ্চাৎ বিবেচনা না করে শফিকুল ইসলাম মানিকের এমন কঠিন মনোভাব বিস্ময়ের
জন্ম দিয়েছে। '৯০-এর দশকে শেষের দিকে একবার বিদেশী খেলোয়াড় নিষিদ্ধ করে দেওয়ায় কী হয়েছিল তার বোধহয় মনে নেই। আর দেশী স্ট্রাইকাররা সুযোগ পাচ্ছেন না সেটাও কি পুরোপুরি ঠিক? আবাহনী-মোহামেডানের মতো বড়ো দলে এখনো কিন্তু দেশী স্ট্রাইকার খেলছেন। আসলে বিদেশীর চেয়েও এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হচ্ছে দেশে পর্যাপ্ত এবং মানসম্পন্ন দেশী খেলোয়াড়ের অভাব।
তবে এটাও ঠিক আগের মতো ভাল মানের বিদেশী খেলোয়াড় এখন দেখা যায় না ঢাকা মাঠে। বেশিরভাগ ক্ষেত্রে সহজলভ্য আফ্রিকানদের কায়িক-ফুটবল প্রদর্শনী হয়। তাই নতুন কোচ তার আগের মতকে শুধরে পরে বলছেন, " ভাল মানের বিদেশী আসে না বলে এখন কেবল একজন মানসম্পন্ন বিদেশী আনা যেতে পারে। এ ব্যাপারে আমি সভাপতির সঙ্গে আলাপ করবো।"
স্বাভাবিকভাবে মারদেকায় মানিকের চিরায়ত রক্ষণাত্মক কৌশল নিয়েও কথা উঠেছে। কিন্তু তিনি দাবি করেছেন, "না, আমরা পজিটিভ ফুটবল খেলেছি। প্রতিপক্ষকে গোল করতে দেবো না, সেটা নিশ্চিত করেই আক্রমণে যাবো। এটাই ছিল পরিকল্পনা। ৫-৩-২ ফর্মেশন দেখে ডিফেন্সিভ কৌশল বলা যায় না, মাঠে খেলোয়াড়রা কীভাবে খেলে তার ওপরই নির্ভর করে ম্যাচের ফল।" রক্ষণাত্মক নয়, গোল না খাওয়ার কৌশল নিয়েও কিন্তু মানিকের বাংলাদেশ দল মোজাম্বিক অনূর্ধ্ব-২০ ও মিয়ানমারের কাছে হেরেছে।
মারদেকা কাপ শেষ। আগামী মাসে বাংলাদেশ যাবে মিয়ানমারে রয়েল চ্যালেঞ্জ কাপ খেলতে। এবারও নতুন কোচ সুদূর ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের কাছে প্রত্যাশা না করার আকুতি জানিয়েছেন, "মিয়ানমারের টুর্নামেন্টের প্রতিপক্ষরা আরো কঠিন হবে বলেই মনে হচ্ছে। আসলে এখন ফলের প্রত্যাশা না করে বাংলাদেশ দল গঠনে সময় দেওয়া উচিত। একটা ভাল দল হিসেবে দাঁড়িয়ে গেলে আমরা তার কাছে প্রত্যাশা করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24