বুয়েনস এইরেস, ২৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলফিও বাসিলে সরে দাঁড়ানোয় আর্জেন্টিনার কোচের পদ এখন শূন্য। সেই শূন্যস্থান পূরণে অর্থাৎ জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে আশাবাদী বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার সোনাজয়ী দলের কোচ সার্জিও বাতিস্তা।
গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির কাছে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন বাসিলে। তার জায়গা নেবেন কে? এই বিতর্কে আর্জেন্টাইন মিডিয়া এখন সরগরম। এর মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ডিয়েগো ম্যারাডোনা আর কার্লোস বিয়ানচির নাম।
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা নিজেই আর্জেন্টিনার কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পারার দুর্নাম এবং কোচিংয়ে অনভিজ্ঞতার কারণে ম্যারাডোনার সম্ভাবনা কম বলেই মনে করছে আর্জেন্টাইন মিডিয়া। কিন্তু আর্জেন্টিনার '৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক তার আগ্রহের কথা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। অন্যদিকে এ ব্যাপারে আর্জেন্টিনার বেশ কয়েকটি পত্রিকার অনলাইন জরিপে সে দেশের ঘরোয়া ফুটবলের অন্যতম সফল এবং বোকা জুনিয়র্সের সাবেক কোচ বিয়ানচির পক্ষে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন পাঠকরা।
তবে ম্যারাডোনা-বিয়ানচির মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও বাতিস্তা দায়িত্বটা পাওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী। একটি স্পোর্টস চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে সেই আশাবাদের কথাই ফুটে উঠেছে '৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলের সদস্য বাতিস্তার কণ্ঠে, "এ সম্পর্কে আমি যা শুনেছি তাতে মনে হচ্ছে আমার খুব ভালো সম্ভাবনাই আছে। আমি এই দায়িত্বকে কোনো পরীক্ষা হিসাবে নিতে চাই না। বরং তাৎপর্যময় কোনো কিছুর সূচনা হিসাবেই দেখতে চাই।" তবে ম্যারাডোনার সহকারী হিসাবে আর্জেন্টিনা দলে যোগ দিতে তিনি রাজি নন, "(কোচ হওয়ার) প্রার্থী হিসাবে শুরু করে শেষে সহকারী হিসাবে কাজ করা খুবই কঠিন।"
এদিকে আরেকটি সাক্ষাতকারে আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক ফুটবলার পেড্রো ত্রগলিও জানিয়েছেন এক চমকপ্রদ তথ্য। ম্যারাডোনা নাকি ত্রগলিওকে তার সহকারী হিসাবে কাজ করার প্রস্তাব দিয়েছেন! প্যারাগুয়ের একটি ক্লাবের কোচের দায়িত্বে থাকা ত্রগলিওর বিশ্বাস, বাসিলের উত্তরসূরী হওয়ার জন্য এ মুহূর্তে সবচেয়ে যোগ্য ব্যক্তি ম্যারাডোনাই, "ডিয়েগো (ম্যারাডোনা) অনেক খারাপ সময়ের ভেতর দিয়ে গেছে আর তা থেকে বেরিয়েও এসেছে। সে জাতীয় দলকে ভালবাসে। এবং আর্জেন্টাইন ফুটবলের প্রতীক হিসাবে এই সুযোগ তারই প্রাপ্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪০ঘ.
bdnews24