ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ফল ভাল না হলেও মাঠে ভাল খেলার সন্তুষ্টি নিয়ে দেশে ফিরেছে মারদেকা কাপে খেলা বাংলাদেশ দল। সঙ্গী করে এনেছে নতুন কিছু শিক্ষা এবং অভিজ্ঞতা।
বাংলাদেশ দলের নতুন কোচ শফিকুল ইসলাম মানিকের কাছে প্রথম সফরের অভিজ্ঞতা 'সন্তোষজনক'। মারদেকা কাপে তার দল নিয়ে বলেছেন, "আমি যা চেয়েছি তা বোধহয় পেয়েছি। আমরা বড় কোনো প্রত্যাশা জাগিয়ে যাইনি। তবে মাঠে খেলোয়াড়দের কমিটমেন্ট ও শৃঙ্খলার জায়গায় কোনো বিচ্যুতি ঘটেনি। আর মাঠের পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট। মনে হয় তারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে।"
যদিও মারদেকা কাপে মোজাম্বিক অনূর্ধ্ব-২০ দল ও মিয়ানমারের কাছে বাংলাদেশ হেরেছে। শেষ ম্যাচে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ২-২ গোলে ড্র করে গ্র"প পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছে। প্রথাগত হার-জিতের বিচারে না গিয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, "আমাদের ফল হয়নি তবে মাঠের পারফরম্যান্স সন্তোষজনক। মোজাম্বিক ও মিয়ানমারের ম্যাচে আমরা শুধু অভিজ্ঞতার কারণে হেরে গেছি। ঘরোয়া ফুটবলের মান যদি উন্নত হতো, সেখানে খেলোয়াড়দের কঠিন ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলে অতো গোল মিস হতো না।" মানে দুটো ম্যাচে বিস্তর সুযোগ পেয়েও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি বাংলাদেশ। তবে তরুণ স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির প্রশংসা করে বাদল রায় তার খেলার খুঁতগুলো তুলে ধরেছেন এভাবে, "পুরো টুর্নামেন্টে এমিলি খুব ভাল খেলেছে। কিন্তু কখন বল নিয়ে ডি-বক্সে ঢুকতে হবে, কখন ছাড়তে হবে এই শিক্ষাটা থাকলে সে আরো গোল পেতো।"
এসব শিক্ষার জন্যই ক্লাব পর্যায়ে ভাল কোচিংয়ের তাগিদ অনুভব করেন বাদল রায়। মালয়েশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গী হয়েছিলেন তিনি কর্মকর্তা হয়ে, তিনটি ম্যাচ দেখে তার উপলব্ধি তারকার অভাবে ভুগছে আমাদের ফুটবল, "নেপালের মতো দলেও দুজন তারকা ফুটবলার আছে যারা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। খেলা দেখেই তাদের সামর্থ্য বোঝা যায়। কিন্তু আমাদের সেরকম কোনো ফুটবলার নেই, এটা বিশাল এক ঘাটতির জায়গা।" তিনি স্বীকার করেছেন, তারকা ফুটবল প্রজাতির শেষ সদস্য ছিলেন আরমান মিয়া। মাঝমাঠে এখন তার মতো কোনো সৃষ্টিশীল ফুটবলার নেই বাংলাদেশ দলে।
এছাড়া জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কুয়ালালামপুর থেকে নিয়ে ফিরেছেন আরেকটি শিক্ষা। পুরো কোচিং স্টাফ নিয়ে দল পাঠানোর শিক্ষা, "প্রত্যেকটা দল চার-পাঁচজন করে কোচিং স্টাফ নিয়ে গেছে মারদেকা কাপে। আর আমরা পাঠাই কর্মকর্তা। আমার মনে হয় এসব পরিবর্তনের সময় এসেছে। আন্তর্জাতিক অঙ্গনে ফল পেতে হলে আধুনিক ফুটবলের সব শিক্ষাই নিতে হবে। এখন থেকে দল যাবে পুরো কোচিং স্টাফ সঙ্গে নিয়ে আর কর্মকর্তা যাবে কেবল একজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪০ঘ.
bdnews24