ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দু'বছর আগের সাড়ে চার হাজার থেকে টিকে গেছে মাত্র ২৩ জন! সৌভাগ্যবান ২৩ কিশোর ফুটবলার। দারিদ্র্য আর অপুষ্টির পাকচক্রে পড়ে যারা স্বপ্ন দেখতেই শেখেনি সেই কিশোর ফুটবলাররা এখন ২৬ অক্টোবরের 'স্বপ্নযাত্রা'র আপেক্ষায়। তারা তিন সপ্তাহ ফুটবল প্রশিক্ষণের জন্য যাচ্ছে ডেভিড বেকহাম একাডেমিতে। এই যাত্রায় তাদের সঙ্গী হয়েছে এমিরেটস।
এই 'স্বপ্নযাত্রা'র অন্যতম সদস্য রাজশাহীর আমিনুল ইসলামের কাছে পুরো ব্যাপারটা মেঘ না চাইতে বৃষ্টির মতো, "আমি কোনোদিন ভাবিনি ফুটবল প্রশিক্ষণ নিতে ইংল্যান্ড যাওয়া হবে। ফুটবল খেলাও যে জীবনের অনেক কিছু পাল্টে দিতে পারে তা এই প্রশিক্ষণ শিবিরে না এলে বোধহয় জানা হতো না।" গত কয়েক বছরে ক্রমেই বিবর্ণ হওয়া এদেশের ফুটবল কোনো কিশোর ফুটবলারের মনে রঙের ছোঁয়া দিতে পারেনি, পারেনি তাদের উদ্দীপ্ত করতে। আরেকটা বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে দারিদ্র্য, কোচ গোলাম সারোয়ার টিপু যেভাবে ব্যাখ্যা করেছেন, "ক্যানারি ওয়ার্ফের প্রশিক্ষণ শিবিরের বেশিরভাগ ফুটবলার এসেছে দরিদ্র পরিবার থেকে। অভাব-অপুষ্টির মধ্যে বেড়ে ওঠা ছেলেগুলোর পক্ষে বড় স্বপ্ন দেখা সত্যিই কঠিন ছিল। দীর্ঘ দুবছর ট্রেনিং করিয়ে আমরা চেষ্টা করেছি তাদের ফুটবলার হওয়ার পথটা প্রশস্ত করতে।"
এই পথ দেখিয়েছে ক্যানারি ওয়ার্ফ। যুক্তরাজ্যের এই রিয়াল এস্টেট কোম্পানি ২৩ কিশোরের চোখে এঁকে দিয়েছে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন। ২০০৬ সালের ৬ আগস্ট সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপস্থিতিতে "ক্যানারি ওয়ার্ফ বাংলাদেশ ইয়ুথ ফুটবল একাডেমি"র যাত্রা শুরু হয়। সারাদেশের সাড়ে চার হাজার কিশোরের মধ্য থেকে প্রাথমিকভাবে ১৫৫ জনকে বেছে নেওয়া হয়েছিল, ক্রমেই আয়তন ছোট হয়ে এখন নেমে এসেছে ২৩ জনে। তারা এমিরেটসের বিমানে চড়ে আগামী ২৬ অক্টোবর ডেভিড বেকহাম একেডামির উদ্দেশ্যে রওনা হচ্ছে।
এমিরেটস বিশ্বব্যাপী ফুটবলের বড় এক পৃষ্ঠপোষক। সেই ধারাবাহিকতায় এই এয়ারলাইন্স কোম্পানি ক্যানারি ওয়ার্ফের বাংলাদেশে ফুটবল প্রশিক্ষণের সঙ্গে যুক্ত হয়েছে শুরু থেকে। তাই আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডগামী ফুটবলারদের শুভ কামনা জানাতে এমিরেটস বুধবার স্থানীয় এক হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে। তাতে এমিরেটস, বাংলাদেশের ম্যানেজার হানিফ জাকারিয়া কিশোর ফুটবলারদের উদ্দেশ্যে বলেছেন, "তোমরা বাংলাদেশের 'টাইগার্স অব দ্য ফিউচার।' আমি আশা করি এদেশের ভবিষ্যৎ জাতীয় দলেও তোমরা খেলবে। এখন ইংল্যান্ডে যাচ্ছ, ওখানে তোমরা এদেশকে প্রতিনিধিত্ব করবে, তাই মাঠে ও মাঠের বাইরে তোমাদের উদাহরণ সৃষ্টি করতে হবে।"
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাফুফে সহ-সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর কিশোরদের মনে করিয়ে দিয়েছেন, "এদেশ হয়তো অনেক কিছুই দিতে পারে না। কিন্তু তোমরা সত্যি ভাগ্যবান, এই বয়সে ফুটবলার হিসেবে নিজেদের গড়ে তোলার দুর্দান্ত সুযোগ পেয়েছো।" ১৭ বছর বয়সে এদেশের কোনো ফুটবলার বেকহাম একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পায়নি। শুধু তাই নয়, ৩০ অক্টোবর ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড এফএ তাদের সম্বর্ধনা দেবে। ৩-৭ নভেম্বর তাদের প্রশিক্ষণ পর্ব আছে ওয়েস্টহাম ইউনাইটেডের একাডেমিতে। আর্সেনাল স্টেডিয়াম পরিদর্শনসহ ও কয়েকটি প্রীতি ম্যাচ আছে সূচীতে।
১৪ নভেম্বর পর্যন্ত ইংল্যান্ডে প্রশিক্ষণ শেষে ৩০ জনের (কোচ-কর্মকর্তাসহ) এই দল দেশে ফিরে আসবে। তারপর আবার দেশে শুরু হবে প্রশিক্ষণ-পর্ব। ক্যানারি ওয়ার্ফের এই প্রশিক্ষণ কর্মসূচীর স্থানীয় সমন্বয়কারী ফজলুর রহমান বাবুল বলেছেন, " চার বছরের এই কর্মসূচীর আরো দুবছর এখনো বাকি আছে, তা সততার সঙ্গে পার করাই আমার লক্ষ্য। এটা করা গেলে সাফল্য আসবেই।" অন্তত একজন ফুটবলারকে ইংল্যান্ডের সেমি-প্রফেশনাল লিগের যোগ্য করে তোলাটাই হচ্ছে সাফল্যের মানদন্ড!
নির্বাচিত ২৩ জন : ইসহাক (চট্টগ্রাম), নাদিম, সজীব, লোকনাথ, তপু ও অনিক বর্মন (নারায়ণগঞ্জ), সোহেল (চাঁদপুর), শিহাব, সাদ, ওমর ফারুক, সাগর ও সাব্বির (ঢাকা), রাহাত, সুজয় ও রাব্বি (খুলনা), চঞ্চল (গোপালগঞ্জ), আমিনুল ও সাজিদুর রহমান (রাজশাহী), মেহেদী হাসান (চাপাই নাবাবগঞ্জ), সারোয়ার (মুন্সীগঞ্জ), পিয়াল (কুষ্টিয়া), সুজন (নাটোর) ও ফরহাদ (সাতক্ষীরা)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯২০ঘ.
bdnews24