ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দেশের বিভিন্ন জায়গা থেকে ফুটবলার তৈরি করে আনার জন্য নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগে বাছাই করা অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ৭৪ জন ফুটবলারকে নিয়ে আগামী ২৩ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী এক ফুটবল প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ নিয়েছে তারা। প্রশিক্ষণ শিবির মানে ৭৪ জনকে নিয়ে আরেকবার পরীক্ষা-নিরীক্ষা, তারপর যাচাই-বাছাই।
দেশের ৩৪টি জেলা থেকে বাছাই করা হয়েছিল এই ৭৪ জন কিশোর ফুটবলারকে। তাদের আগামী ২২ অক্টোবর বাফুফে ভবনে উপস্থিত হয়ে বাফুফে সদস্য সত্যজিৎ দাস রূপু ও বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ মহসিনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বুয়েট মাঠে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়রা ৮টি গ্র"পে ভাগ হয়ে বাফুফের আটজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেবেন। তিনদিন প্রশিক্ষণের পর চারদিন তারা বিভিন্ন দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। পারফরম্যান্স দেখেই এদের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করবেন বাফুফের নির্বাচকরা। নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে পরে দিনাজপুর বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাফুফে।
মানসম্পন্ন খেলোয়াড়ের সংকট উত্তরণের জন্য অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগেই বলেছিলেন, "আমাদের ভাল মানের ফুটবলারের খুব অভাব, যে কারণে জাতীয় দল গঠন করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এই ৭৪ জনের মধ্য থেকে চার-পাঁচজন ফুটবলার বেরিয়ে এলেও লাভবান হবে দেশের ফুটবল।" ঘরোয়া ফুটবলের পাশাপাশি বছরব্যাপী এরকম প্রশিক্ষণ শিবির চালু রাখা গেলে ফুটবলার-সংকট কেটে যাবে বলে মনে করেন বাফুফে সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০১০ঘ.
bdnews24