ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- যারা শুরু থেকেই হন্তারকের ভূমিকায় সেই ভিয়াতনাম এসে আটকে গেছে বাংলাদেশের কাছে! আগের দু'ম্যাচে শুধু ভাল খেলার তৃপ্তি নিয়ে মাঠছাড়া বাংলাদেশ সোমবার গ্র"পের শেষ ম্যাচে পেয়েছে গোলের দেখা। এবং তাতেই ২-২ গোলে ড্র করেছে তারা ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে।
অথচ এই ভিয়েতনামকে নিয়েই বেশি ভয় ছিল বাংলাদেশ শিবিরে। কারণ তারা মিয়ানমারকে ৩-১ গোলে এবং মোজাম্বিক অনূর্ধ্ব-২০ দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আগেই মারদেকা কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। স্বাভাবিকভাবে তাদের বিপক্ষেও রক্ষণাত্মক কৌশল নিয়েই শুরু করে বাংলাদেশ। ম্যাচের ৪ মিনিটের মাথায় এই কৌশল মাঠে মারা যায় এক গোল খেয়ে বসায়, গোলটি করেছেন নগুয়েন বেন খাই।
গোল হজম করে যেন তারা বুঝে যায় শুধু ডিফেন্সে পাহারা বসিয়ে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলকে আটকানো যাবে না। তাদের আক্রমণের তোপ সামলাতে গেলে নিজেদেরও পাল্টা আক্রমণে উঠতে হবে। সেই থেকে আক্রমণমুখী হয় বাংলাদেশ এবং ৩৫ মিনিটে ফল পায় হাতেনাতে। বাঁপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে আরিফুলের পাঠানো ক্রস থেকে ভলিতে এমিলি দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরান। টুর্নামেন্টে প্রথম গোলের দেখা পেরে উজ্জিবীত হয়ে উঠে বাংলাদেশ। ফিরে পাওয়া আত্মবিশ্বাস আর সাহসের ফল হচ্ছে দ্বিতীয় গোল। জাহিদ হোসেনের একক নৈপুন্যে ভাস্বর হয়ে থাকা এক গোল! ৫০ মিনিটের মাথায় তিনি ভিয়েতনামের ডিফেন্সে হানা দিয়ে প্রথমে দুই ডিফেন্ডার তারপর গোলরক্ষককেও বোকা বানিয়ে ফাঁকা পোস্টে গোলের আনুষ্ঠানিকতা সারেন।
কিন্তু তার স্থায়ীত্ব মাত্র ১১ মিনিট। ৬২ মিনিটে ফানতান বিন সেই গোল শোধ করে দেন। বাকি সময়ে আর কোনো দলই গোলের দেখা না পাওয়াতে ম্যাচ ড্র হয় ২-২ গোলে।
আগের দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দল টুর্নামেন্টে এই প্রথম পয়েন্ট ভাগাভাগি করল। আর এই ড্র-র সুবাদে মোজাম্বিক অনূর্ধ্ব-২০ ও মিয়ানমারের কাছে হেরে যাওয়া বাংলাদেশ অবশেষে এক পয়েন্ট অর্জন নিয়ে শেষ করেছে ৪০-তম মারদেকা কাপ। গ্র"প পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ মঙ্গলবার ফিরছে দেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.
bdnews24