প্যারিস, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এই তালিকায় তার নাম থাকাটা এক রকম নিয়মিত ব্যাপারই হয়ে দাঁড়িয়েছিল। গত আট বছর একটানা ইউরোপের সেরা ফুটবলার হিসেবে ফরাসি ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবলের দেওয়া পুরস্কার ব্যালোঁ ডি'অর-এর জন্য মনোনীতদের প্রাথমিক তালিকায় নাম থাকার পর এই প্রথম বাদ পড়েছেন ফ্রান্সের স্ট্রাইকার থিয়েরি অঁরি।
রোববার প্যারিসে ঘোষিত এই তালিকায় এবার নাম নেই ২০০৫ সালে এই পুরস্কারজয়ী বার্সেলোনা ক্লাবে তার সদ্য সাবেক সতীর্থ রোনালদিনিয়োরও। বাদ পড়েছেন অতীতে এই পুরস্কারজয়ী ইতালির ফ্যাবিও ক্যানাভারো আর ইউক্রেনের আন্দ্রেই শেভচেঙ্কোও। তালিকাটা অবশ্য এবার একটু ছোটও করা হয়েছে, বরাবরের মতো পঞ্চাশজনকে নয়, এবার ইউরোপের সেরা ফুটবলার হিসেবে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে ত্রিশজনকে।
এই ত্রিশজনের সাতজনই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়। অঁরির দেশ ফ্রান্সের আছেন দুজন, কিন্তু রোনালদিনিয়োর দেশ ব্রাজিল থেকে আছেন মাত্র একজনই- গতবারের ইউরোপ সেরা এসি মিলান স্ট্রাইকার কাকা।
ইউরোপের ক্লাবে খেলেন, এমন যে কোনো দেশের খেলোয়াড়রাই এই পুরস্কারটি পেতে পারেন, আর তাই এবারো ইউরোপের বাইরের অনেক দেশের ফুটবলাররাই আছেন এই তালিকায়। আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি আর সার্জিও আগুয়েরো, ক্যামেরুনের স্যামুয়েল এতো', আইভরিকোস্টের দিদিয়ের দ্রগবা আর টোগোর ইমানুয়েল আদেবায়ররা।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খুঁজে পাওয়া যাচ্ছে না ইংলিশ লিগে আর্সেনালের হয়ে মাঠ মাতানো অঁরিকে, তার ওপর চলতি বছর ইউরো চ্যাম্পিয়নশিপে ফরাসি দলের সময়টাও ভালো কাটেনি
bdnews24