ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ফিরে পাওয়া আত্মবিশ্বাস দিয়েও মাঠে নিজেদের ফিরে পায়নি বাংলাদেশ দল। মরাদেকা কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ১-০ গোলে হেরেছে মিয়ানমারের কাছে। টানা দুই পরাজয় তাদের সেমিফাইনালের দৌড় থেকেও ছিটকে দিয়েছে।
অবশ্য বাংলাদেশ সেমিফাইনালের দৌড়ে ছিল এমনটিও খুব জোর দিয়ে বলা যাবে না। প্রথম ম্যাচে ভাল খেলেও মোজাম্বিক অনূর্ধ্ব-২০ দলের কাছে হেরেছে ১-০ গোলে। সেই হারের পরও বাংলাদেশের খেলোয়াড়রা ভাল খেলার আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। এই সম্বল নিয়ে তারা স্বপ্ন দেখেছিল দ্বিতীয় ম্যাচে। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশের জীর্ণ ফুটবেলর উত্তরাধিকার নিয়ে মালয়েশিয়ায় যাওয়া এই দল দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের নিয়তি এড়াতে পারেনি।
শনিবার কুয়ালালামপুরে শাহ আলম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ২৩ মিনিটের মাথায় তারা গোল খেয়ে বসে। সো মায়ান্তমিনের দেওয়া এই গোল শেষপর্যন্ত ধরে রেখে ম্যাচ জিতে নিয়েছে মিয়ানমার। তবে বাফুফের ভাষ্যমতে ম্যাচের শেষ মিনিটে গোল শোধের দারুণ একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জাহিদ হাসান এমিলি।
এই বাংলাদেশী স্ট্রাইকারের ব্যর্থতায় জয় হয়েছে পরিসংখ্যানেরই। কারণ পরিসংখ্যান বরাবর ছিল মিয়ানমারের পক্ষে। মারদেকা কাপে এর আগে তাদের বিপক্ষে দুটো ম্যাচেই বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, এবার যোগ হয়েছে ন্যূনতম গোলের জয়। মানে মারদেকায় আর মিয়ানমার জয় হলো না বাংলাদেশের।
ওদিকে 'বি' গ্র"পের অন্য ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-২০ দল ৪-০ গোলে হেরেছে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের কাছে। ভিয়েতনামের সঙ্গেই আগামী সোমবার গ্র"পের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24