ঢাকা, আক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ----- পুরো ম্যাচে আধিপত্য করেছে বাংলাদেশ শেষমুহুূর্তের গোলে হেরেছে মোজাম্বিকের অনূর্ধ্ব-২০ দলের কাছে। আর এই হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের মারদেকা কাপ।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই ম্যাচ শেষে বাংলাদেশ দলের কর্মকর্তা বাদল রায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোরকে ডটকমকে জানিয়েছেন, "মোজাম্বিক একটি সুযোগই পেয়েছে এবং সেটি কাজে লাগিয়ে ম্যাচ জিতে গেছে।" ৮৭ মিনিটে ডিফেন্ডার রজনীর ভুলের সুযোগ নিয়ে গোলটি করেছেন মোজাম্বিকের ফ্রান্সিস।
বাংলাদেশ দলের এই কর্মকর্তা দাবি করেছেন, "পুরো ম্যাচে বাংলাদেশ ভাল খেলেছে। অনেক সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি।" ৫-৩-২ ছকে চরম রক্ষণাত্মক কৌশলে খেলেও বাংলাদেশের আধিপত্য করার খবর খানিকটা বিস্ময়কর ঠেকে বৈকি। এমনিতেই মোজাম্বিকের চেয়ে বাংলাদেশের ফুটবল অনেক পিছিয়ে। যে কারণে ফিফা র্যাঙ্কিংয়ের শততম দলটির কথা শুনে তারা একটু ভয়ার্তও হয়েছিল। তবে হঠাৎ করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরে আসে প্রতিপক্ষ মোজাম্বিক জাতীয় দল নয় বলে। তুলনায় অনভিজ্ঞ অনূর্ধ্ব-২০ দল হওয়ায় হয়তো লড়াই করার জায়গা করে দেয় বাংলাদেশকে। এই লড়াইয়ে সুযোগও নাকি তৈরি হয়েছে, জাহিদ হাসান এমিলি ও শরীফ দ্বিতীয়ার্ধে দু-দুটো চমৎকার সুযোগ নষ্ট করায় গোলের মুখ দেখেনি বাংলাদেশ।
আগামী শনিবার বাংলাদেশ নিজেদের ম্যাচ খেলবে গতবারের রানার্স-আপ মিয়ানমারের সঙ্গে। বৃহস্পতিবার 'বি' গ্র"পের উদ্বোধনী ম্যাচে মিয়ানমার অবশ্য ৩-১ গোলে হেরেছে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩০ঘ.
bdnews24