রিও ডি জেনিরো/সান্টিয়াগো, ১৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কার্লোস ডুঙ্গার প্রতি আবারো দুয়োধ্বনি, চিলির ইতিহাস গড়া, আলফিও বাসিলের প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব নির্দ্বিধায় স্বীকার করে নেয়া, টানা তৃতীয় জয় দিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে প্যারাগুয়ের ব্যবধান বাড়িয়ে নেয়া --- বুধবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ছিল ঘটনার ঘনঘটা। ঘটনাবহুল যে দিনে ব্রাজিল ঘরের মাঠ মারাকানায় হতাশাজনক পারফরম্যান্স উপহার (!) দিয়ে গোলশূন্য ড্র করেছে কলম্বিয়ার সঙ্গে, আর্জেন্টিনা ০-১ গোলে হার মেনেছে চিলির কাছে আর প্যারাগুয়ে একই ব্যবধানে পেরুকে হারিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে।
রিও ডি জেনিরোর 'ঐতিহাসিক' মারাকানা স্টেডিয়াম ইদানিং ব্রাজিলের জন্য যেন হতাশার প্রতিশব্দ! গত মাসে বলিভিয়ার বিপক্ষে এখানেই গোলশূন্য ড্র করেছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বুধবার কলম্বিয়ার সঙ্গেও একই ফলাফল মেনে নিতে হয়েছে ব্রাজিলকে। গত রোববার ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া ব্রাজিলকে বলতে গেলে খুঁজেই পাওয়া যায়নি এই ম্যাচে। প্রিয় দলের হতাশাজনক পারফরম্যান্স আগে থেকে আঁচ করতে পেরেই বোধহয় স্টেডিয়ামমুখী হতে তেমন উৎসাহ বোধ করেনি ফুটবল-পাগল ব্রাজিলিয়ানরা। ৯৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন মারাকানার প্রায় অর্ধেক গ্যালারি শূন্য থাকাতেই তা প্রমাণিত। তবে সেই অর্ধেক ভরা গ্যালারিই ম্যাচের শুরু থেকে 'গুডবাই ডুঙ্গা' দুয়োধ্বনিতে মাঠ প্রকম্পিত করে অপমান করতেও ছাড়েনি ব্রাজিল কোচকে। সমর্থকদের রোষ থেকে রেহাই পাননি রবিনিয়োও। দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার সময় তাকেও অপমান সহ্য করতে হয়েছে। ম্যাচশেষেও স্টেডিয়ামের বাইরে জড়ো হওয়া কয়েক শ' দর্শক দুয়ো দিয়েছে প্রিয় দলের খেলোয়াড়দের উদ্দেশে।
সমর্থকদের দোষ দিয়ে অবশ্য লাভ নেই। পুরো ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। আগের চারটি ম্যাচে গোল করতে না পারা কলম্বিয়া রক্ষণাত্মক মনোভাব নিয়ে খেললেও কাকা-রবিনিয়োরা তেমন জোরালো আক্রমণ করতে পারেননি। স্বাগতিকদের সামনে সুযোগ যে একেবারেই আসেনি তা নয়। তবে কলম্বিয়ার গোলকিপার অগাস্টিন হুলিওকে তারা পরাস্ত করতে পারেনি। প্রথমার্ধে হুয়ানের বেশ কাছ থেকে নেয়া জোরালো হেড ফিরিয়ে দেয়ার পর রবিনিয়োর শটও বাঁচিয়ে দলকে বিপদমুক্ত করেছেন হুলিও। দ্বিতীয়ার্ধে রবিনিয়োর বদলে নামা আলেকজান্দ্রে পাতো নষ্ট করেছেন দুটো সুবর্ণ সুযোগ। প্রথমবার কাকার ক্রস থেকে তিনি মেরেছেন পোস্টের বাইরে। নামার পর সেটাই ছিল বলে পাতোর প্রথম স্পর্শ। পরের বার ফ্রিকিক থেকে জন্ম নেয়া সুযোগ বাইরে মেরে ব্রাজিলকে আবারো গোলবঞ্চিত করেছেন তিনি।
চিলির রাজধানী সান্টিয়াগোতে আর্জেন্টিনা বলতে গেলে পাত্তাই পায়নি স্বাগতিকদের কাছে। ম্যাচের শুরু থেকে আর্জেন্টাইন ডিফেন্সের ওপর আক্রমণের ঢেউ বইয়ে দিয়েছে চিলির উজ্জীবিত তরুণ ফুটবলাররা। ৩৬ মিনিটে জয়সূচক গোলের আগে তিন-তিন বার তারা গোলের কাছাকাছি পৌঁছেছিল। প্রথম বার জাঁ বোশেজোর দূরপাল্লার জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে উঠিয়ে দিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার হুয়ান পাবলো ক্যারিজো। এরপর পাবলো কনত্রেরাসের হেড ক্রসবারে বাধা পেয়ে এবং মাতিয়াস ফার্নান্দেজের বাঁক খাওয়ানো ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে হতাশ করেছে চিলিয়ানদের।
তবে সে সব হতাশা ভুলিয়ে দিয়েছেন স্বাগতিকদের ইতিহাস গড়ার রূপকার ফ্যাবিয়ান ওরেল্লানা, ম্যাচের একমাত্র গোলদাতা। গোলটাও ছিল দেখার মতো। ডানপ্রান্তে বোশেজোর পাস ধরে গ্যারি মেদেল কার্লোস কারমোনার সঙ্গে ওয়ান-টু খেলে বল বাড়িয়েছেন আর্জেন্টিনার বক্সের কাছাকাছি দাঁড়িয়ে থাকা ওরেল্লানার কাছে। সেই বল ধরেই দারুণ এক শটে গোল করে ওরেল্লানা উল্লাসে ভাসিয়ে দিয়েছেন স্বাগতিকদের। ৩৬ মিনিটে ম্যাচের বন্ধ্যাত্ব ঘুচে যাওয়ার পর লিওনেল মেসি অবশ্য বিরতির আগে দলকে সমতায় ফেরানোর একটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্রিয় বন্ধু সার্জিও অ্যাগুয়েরোর সঙ্গে ওয়ান-টু খেলে গোলের সম্ভাবনা জাগিয়েও তা নষ্ট করেছেন বার্সেলোনা-তারকা।
দ্বিতীয়ার্ধেও চিলির আক্রমণের ঝাঁঝ কমেনি। কিন্তু হামবার্তো সুয়াজোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এবং হুগো দ্রগেতের হেড আর্জেন্টিনার বদলি ডিফেন্ডার ড্যানিয়েল ডিয়াজ গোললাইন থেকে ফিরিয়ে দেয়ায় ব্যবধান আর বাড়াতে পারেনি চিলিয়ানরা। শেষ বাঁশির মিনিট দশেক আগে আর্জেন্টিনার সামনেও সুযোগ এসেছিল সমতায় ফেরার। তবে প্রতিপক্ষের রক্ষণব্যুহ দুর্দান্তভাবে ভেঙ্গে ফেলা মেসির চিপ থেকে মার্টিন ডেমিচেলিস হেড করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে একটুর জন্য। আর তাই আর্জেন্টিনার বিপক্ষে 'ঐতিহাসিক' এক জয়ের উৎসবে মেতে উঠেছে চিলির ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টাইনদের সঙ্গে এটাই চিলির প্রথম জয়। এবং ১৯৭৩ সালের পর পরাক্রমশালী প্রতিবেশীদের বিপক্ষে তাদের প্রথম জয়ও এটা।
অথচ চিলির এই দলটির বয়সের গড় মাত্র ২৪। কিন্তু বয়সে তরুণ হলেও পুরো ম্যাচের পারফরম্যান্সে তারকাসমৃদ্ধ প্রতিপক্ষের চেয়ে অনেকখানি এগিয়েছিল তারা। এমনকি আর্জেন্টিনার কোচ বাসিলেও চিলির ফুটবলারদের পারফরম্যান্সে মুগ্ধ। ম্যাচশেষে দ্বিধাহীন চিত্তে হার স্বীকার করে নিয়ে তার মন্তব্য, "আমি কোনো অজুহাত দিতে চাই না। কখনো-কখনো প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলতেই পারে। তবে চিলির এ ধরনের দুর্দান্ত পারফরম্যান্স আমি আগে কখনো দেখিনি। পুরো ম্যাচে মাঠজুড়ে তারা যেভাবে দৌড়েছে তা সত্যিই বিস্ময়কর। ঠিক যেন একটা মেশিন। মাঠের প্রত্যেকটি জায়গায় ওরা আমাদের ওপরে চাপ সৃষ্টি করেছে আর আমাদের একটুও সুস্থির হতে দেয়নি।"
প্রশংসাটাকে আরো বাড়িয়ে আর্জেন্টিনার কোচ বলেছেন, "দেখে মনে হয়েছে আমাদের ১১ জনের বিপক্ষে ওরা ১৫ জন মিলে খেলছে! আমরা ভেবেছিলাম দ্বিতীয়ার্ধে হয়তো ওরা ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু ওরা খুব ভালো ভাবেই গতি ধরে রেখেছে। দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে আমরা কিছুটা এগিয়ে থাকলেও সব মিলিয়ে চিলিই কর্র্তৃত্ব করেছে আমাদের ওপরে।" অবশ্য সাসপেনশনের কারণে প্লেমেকার হুয়ান রিকুয়েলমের অনুপস্থিতিও ভালোভাবেই অনুভব করেছেন বাসিলে, "আমরা ওকে (রিকুয়েলমেকে) খুব মিস করেছি। সব সময় যেভাবে খেলি রিকুয়েলমেকে ছাড়া সেই খেলাটা আমরা খেলতে পারি না।"
১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকা মার্সেলো বিয়েলসা এখন চিলির কোচ। স্বদেশের বিপক্ষে মধুর জয় পেয়ে তিনি স্বাভাবিকভাবেই দারুণ রোমাঞ্চিত, অভিভূত, "আমি যা দেখে সবচেয়ে খুশি হয়েছি তা হলো এই ম্যাচে আমার দলের খেলোয়াড়রা সত্যিই খুব ভালো খেলেছে। নিঃসন্দেহে এটা একটা দুর্দান্ত পারফরম্যান্স। আর্জেন্টিনাকে হারানোও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের জন্য।"
কথাটা আক্ষরিকভাবেই সত্যি। আর্জেন্টিনার সঙ্গে জয় দিয়েই দশম রাউন্ডশেষে লাতিন আমেরিকা অঞ্চলের চতুর্থ স্থানে উঠে এসেছে চিলি। তাদের পয়েন্ট ১৬। আর্জেন্টিনারও তা-ই, তবে গোলগড়ে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে দু বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৭ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। আর শীর্ষে থাকা প্যারাগুয়ের সংগ্রহ ২৩ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২০ঘ.
bdnews24