ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মারদেকার প্রথম ম্যাচের আগে একটা স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ। স্বস্তিদায়ক খবরটা হলো মোজাম্বিক সিনিয়র জাতীয় দল পাঠায়নি, পাঠিয়েছে অনূর্ধ্ব-২৩ দল (বাফুফের খবর)। তবে ওয়েবসাইটের খবর হচ্ছে, মোজাম্বিকের অনূর্ধ্ব-২০ দল খেলবে মারদেকা কাপে। ওয়েবসাইট সত্যি হলে বাংলাদেশের স্বস্তির জায়গায় খানিকটা আনন্দও যোগ হতে পারে। কারণ লড়াইটা অনূর্ধ্ব-২০ মোজাম্বিকের সঙ্গে হলে মানসিকভাবে হয়তো অনেক চাঙ্গা থাকবে বাংলাদেশ জাতীয় দল। কুয়ালালামপুরে শাহ আলম স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টায় শুরু হবে 'বি' গ্র"পের এই ম্যাচ।
এর ঠিক আগে দেশের মাটিতে যে প্র্যাকটিস ম্যাচ খেলেছে তা থেকে কোনো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারেনি বাংলাদেশ দল। বি. লিগের দলগুলোর খেলোয়াড়দের নিয়ে জোড়াতালি দিয়ে গড়া দলটির কাছে তারা হেরেছে ২-০ গোলে। এবং পুরো ম্যাচ রক্ষণাত্মক কৌশলে খেলে হেরেছে ! সুতরাং আর আশার বাণী শোনানোর মতো কোনো সুযোগ থাকে না নতুন কোচ শফিকুল ইসলাম মানিকের। ভয়টা আসলে নিজেদের নিয়েই, জীর্ণ ফুটবলের উত্তরাধিকার বয়ে নিয়েই মারদেকা কাপ খেলতে গেছে বাংলাদেশ।
তারপর টুর্নামেন্টে ম্যাচে মুখোমুখি হতে হবে ফিফা র্যাঙ্কিংয়ের ১০০ নম্বরে থাকা মোজাম্বিকের। এ নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মনে মনে শংকা থাকলেও কুয়ালালামপুরে গিয়ে তা কেটে গেছে। কারণ মোজাম্বিক পাঠিয়েছে একটি বয়সভিত্তিক দল। বুধবার প্রতিপক্ষের প্র্যাকটিস দেখে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় কুয়ালালামপুর থেকে বিডিনিউজ টুয়েন্টিফোরকে বলেছেন, "তুলনামূলক তারুণ্যনির্ভর দল মোজাম্বিক। নিঃসন্দেহে তারা ভাল খেলে। এটা বয়সভিত্তিক দল হলেও জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় আছে এই দলে।" অবশ্য ওয়েবসাইটের খবর হচ্ছে, মোজাম্বিক জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে ব্যস্ত। দিন তিনেক আগে তারা ১-০ গোলে হারিয়েছে বতসোয়ানাকে, গত মাসে ১-১ গোলে ড্র করেছে আইভরি কোস্টের সঙ্গে। তাই মারদেকা কাপ তাদের কাছে গুরুত্বহীন। হঠাৎ কাজাখস্তান অপরাগতা প্রকাশ করায় মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের অনুরোধে মোজাম্বিক বয়সভিত্তিক দলটি পাঠিয়েছে।
যে দল দেখে স্বস্তি ফিরে পেয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। বাদল রায় টেলিফোনে জানিয়েছেন, "বাংলাদেশ দলের প্রত্যেকটা খেলোয়াড় মানসিকভাবে চাঙ্গা। প্রতিপক্ষ যেমনই হোক তারা নিজেদের উজাড় করে দিয়ে লড়াই করতে প্রস্তুত।" দেশের মাটিতে দেখা গেছে বাংলাদেশ লড়াইটা করেছে শুধু নিজেদের ডিফেন্সে। ভীষণ রক্ষণ-মনস্ক নতুন কোচ শফিকুল ইসলাম মানিক ক্লাব ফুটবলেও সেরা দল নিয়ে রক্ষণাত্মক ফুটবল খেলতেন। এই দলেও ডিফেন্ডারের সংখ্যা সর্বোচ্চ ৮ জন। বাদল রায় অবশ্য বিশেষ করে এই ম্যাচের জন্য রক্ষণাত্মক কৌশলের কথা বলেছেন, "ভাল দলের বিপক্ষে রক্ষণাত্মক খেলা ভাল কৌশল হতে পারে। তবে আমি আশা করি পুরোপুরি রক্ষণাত্মক কৌশলে খেলবে না বাংলাদেশ।"
আসলে বাংলাদেশের কাছে মোজাম্বিকের বয়সভিত্তিক দল আর মূল দলের পার্থক্য খুব সামান্য। কারণ সাফ ফুটবলে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো দলও বড় প্রতিপক্ষ হয়ে গেছে তাদের জন্য। সেই ভরাডুবির পর বাংলাদেশ দল এখন আত্মবিশ্বাসহীন ও প্রত্যাশাহীন। অথচ বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে সুবিধা-ধন্য দল এটি। ম্যাচ-ফি, বোনাস, বীমার বিনিময়ে তারা কী খেলছেন তা নিজের চোখে দেখার জন্য ইতিমধ্যে মালয়েশিয়া রওনা হয়ে গেছেন নতুন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৪৫ঘ.
bdnews24