ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে সুবিধা-ধন্য জাতীয় দলটি মারদেকা কাপ খেলতে যাচ্ছে চরম শংকা জাগিয়ে! আশংকা তাদের পারফরম্যান্স নিয়ে, অপ্রত্যাশিত হারের লজ্জা নিয়ে।
এসব উসকে দিয়েছে গত রোববারের প্র্যাকটিস ম্যাচ। যেখানে ডিফেন্সিভ কৌশলে খেলেও স্থানীয় বি. লিগ একাদশের বিপক্ষে দুই গোলে হারে জাতীয় দল! সুতরাং বিদেশ-বিভুঁইয়ে র্যাঙ্কিংয়ে উপরে থাকা মোজাম্বিক, মিয়ানমার ও ভিয়েতনামের বিপক্ষে তাদের কী হাল হবে বোধ করি অনুমান করা যায়। মারদেকা কাপে এই তিন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ তিনটি যথাক্রমে ১৬, ১৮ ও ২০ অক্টোবর। সোমবার মধ্যরাতে বাংলাদেশ দল রওনা হচ্ছে মারদেকার ভেন্যু কুয়ালালামপুরের উদ্দেশ্যে।
অবশ্যই সঙ্গে নিতে পারছে না সেরকম কোনো আত্মবিশ্বাস। বারবার ঘুরেফিরে আসছে ওই প্র্যাকটিস ম্যাচের দুঃসহ স্মৃতি এবং এ নিয়ে বিরস আলোচনা। এই আলোচনা এড়াতে চাইলেও পারেন না জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়। জাতীয় দল এবং কোচের দায়-দায়িত্ব অনেকখানি তার কাঁধে বলে উত্তর দিতে হয়েছে কিছু সঙ্গত প্রশ্নের।
রক্ষণাত্মক কৌশলে খেলে ২-০ গোলে পরাজয়কে কীভাবে দেখেন ?
বাদল : কোচ সবাইকে খেলানোর চেষ্টা করেছে। কোচ আমাদের বলেছেন জাতীয় দলের খেলা দেখে তিনি খুশী।
আপনাদের কোচ নির্বাচন কী ঠিক হয়েছে ?
বাদল : সেটা এখনো বলার সময় আসেনি। মারদেকার পারফরম্যান্স দেখে বলা যাবে।
এই দলের কাছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্র্যাতাশা কী ?
বাদল : কুয়ালালামপুরে গিয়ে প্রত্যাশা ঠিক করবো।
দলের সঙ্গে কর্মকর্তা হয়ে তিনিও যাচ্ছেন। যাওয়ার আগে কিন্তু প্রশ্নোত্তরগুলো হাসির উদ্রেক ঘটিয়ে গেল এবং বলে দিল তিনিও আত্মবিশ্বাসহীন এবং দোলাচলে ভুগছেন। নতুন কোচ শফিকুল ইসলাম মানিক অবশ্য সংবাদ সম্মেলনে আগেভাগে বলে রেখেছেন, "ভীষন লজ্জাকর কিছু যেন না হয় সেই চেষ্টা করবো আমরা। তবে আমি চাই এই দল অপ্রত্যাশিত কিছু করুক।" যদিও প্র্যাকটিস ম্যাচে সাধারণ প্রত্যাশা হোঁচট খেয়েছে।
এরকম আত্মবিশ্বাসহীন দলকে জাগিয়ে তোলার জন্য সোমবার দুপুরে তাদের নিয়ে বসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন, "আমি যা করছি সবই ফুটবল ও ফুটবলারদের জন্য। এই ফেডারেশনের কাছে তোমাদের কিছু চাইতে হবে না। তোমরা শুধু মাঠে পারফরম করো।"
সত্যি নতুন বাফুফের কাছে না চাওয়ার আগে তারা পেয়ে গেছে অনেক। মারদেকা যাওয়ার ঠিক আগে জাতীয় দল পেয়েছে বীমা-উপহার। খেলতে গিয়ে ইনজুরি এমনকি জীবনের ঝুুঁকির নিরাপত্তা বিধান করতেই বাফুফে কোচ-খেলোয়াড়দের বীমা করিয়েছে। তার আগে ম্যাচ ফি ও বোনাস (ম্যাচ জিতলে) দেওয়ার ঘোষণা দিয়েছে বাফুফে। একসময় ফুটবলারদের কাছে এসব অলীক কল্পনার ব্যাপার ছিল। কিন্তু কল্পনা যখন বাস্তব হয়ে সামনে এসে হাজির তখন জাতীয় দলে ছন্নছাড়া বাতাবরন!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.
bdnews24