২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারদেকা কাপে যাওয়ার দলকে বাফুফের বীমা উপহার

ফুটবলার-শাসিত নতুন বাফুফেই বুঝতে পারে ফুটবলারদের প্রয়োজন। তাই মারদেকা কাপে যাওয়ার আগে তারা জাতীয় দলকে দিচ্ছে বীমা-উপহার। খেলোয়াড়দের ইনজুরির ঝুঁকি ও জীবনের নিরাপত্তা বিধান করতেই বাফুফে একটি চুক্তি করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ফুটবলার-শাসিত নতুন বাফুফেই বুঝতে পারে ফুটবলারদের প্রয়োজন। তাই মারদেকা কাপে যাওয়ার আগে তারা জাতীয় দলকে দিচ্ছে বীমা-উপহার। খেলোয়াড়দের ইনজুরির ঝুঁকি ও জীবনের নিরাপত্তা বিধান করতেই বাফুফে একটি চুক্তি করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জাতীয় দলের খেলোয়াড়দের সামনে রেখেই সম্পাদিত হয়েছে এই দ্বিপাক্ষিক চুক্তি। চুক্তি স্বাক্ষরের আগে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী নিজের ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে বলেছেন, "আমরা যে সুযোগ-সুবিধা পাইনি তা আমাদের ছোট ভাইদের জন্য করে দিতে পেরে খুব ভাল লাগছে। আশা করি খেলোয়াড়রাও সুন্দর ফল উপহার দিতে পারবে জাতিকে।" আর বাফুফের সঙ্গে যুক্ত হতে পেরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সও নাকি গর্ব অনুভব করছে। প্রগতির সহকারী ব্যবস্থাপনা পরিচালক এস কে সরকার বলেছেন, "এটা আমাদের সামাজিক দায়িত্ব। এই বীমায় আমরা তেমন কোনো লাভ করছি না, সামান্য প্রিমিয়াম নিয়ে এটা করা হচ্ছে। এভাবে বাফুফের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ক্রীড়াঙ্গনে বীমা করানোটা আমাদের জন্যও নতুন ঘটনা।" তার দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় দলের বীমাকৃত কোনো খেলোয়াড়ের ইনজুরি হলে সর্বোচ্চ ১০ লাখ টাকার চিকিৎসা সুবিধা পাবে। এছাড়া দুর্ঘটনা জনিত মৃত্যু হলে ২০ লাখ টাকা পাবে তার পরিবার, আর স্বাভাবিক মৃত্যু হলে ১০ লাখ টাকা দেবে বীমা কোম্পানি। যতোদিন জাতীয় দলে থাকবেন কেবল ততদিনই বীমা-সুবিধা পাবেন খেলোয়াড়রা। এ ব্যাপারে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, "জাতীয় দলের কোনো টুর্নামেন্ট শেষে পরবর্তী দল ঘোষণার পর্যন্ত আগের দলের সব খেলোয়াড়রই পাবেন বীমা-সুবিধা। এটা কেবল শুরু হলো, এ নিয়ে আরো অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।" উন্নত বিশ্বে বীমা জীবনকে সুরক্ষা দিলেও বাংলাদেশে বীমা-বিড়ম্বনার কাহিনী বেশ আছে। জীবন বীমা বা স্বাস্থ্য বীমা করিয়েও মানুষ এর সুফল পায় না, বীমা কোম্পানির নানা মারপ্যাঁচে বরং জীবন আরো অতিষ্ট হয়ে উঠে। এসব স্বীকার করেও প্রগতির পরিচালক তাবিত আওয়াল সব আশংকা উড়িয়ে দিয়েছেন, "নীচু মানের বীমা কোম্পানির কারণে আমাদের দেশে এরকম ঘটনা ঘটে। তবে এ-প্লাস কোম্পানি হিসেবে বাজারে আমাদের সুনাম আছে। সাধারণত ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিই আমাদের গ্রাহককে। এক্ষেত্রে আমাদের ১২ ঘণ্টারও কম সময়ে লাগবে আশা করি।" নিজে ফুটবলার বলেই হয়তো তাবিতের এই আন্তরিকতা ফুটবলারদের প্রতি। অবশ্য তিনি নিজেও উপলব্ধি করেন, উন্নত বিশ্বের মতো এদেশেও বীমাকে খেলোয়াড়দের অধিকারের জায়গায় নিয়ে যেতে হবে। যেটা সালাউদ্দিন-সালাম-বাদলরা পাননি, তাদের এই অতৃপ্তি যেন এখনকার ফুটবলারদের গ্রাস না করে সেজন্যই মারদেকা কাপে যাওয়ার আগে নতুন উপহার নিয়ে হাজির হয়েছে ফুটবলার-শাসিত নতুন বাফুফে। জবাবে জাতীয় দলের অধিনায়ক মতিউর মুন্নাও শতভাগ উজাড় করে দেওয়ার অঙ্গীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯১০ঘ.