২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারদেকা কাপে যাওয়ার আগেই বাংলাদেশকে নিয়ে আশংকা চরমে

কুয়ালালামপুর রওনা হওয়ার ঠিক আগেই ছন্নছাড়া ফুটবলের প্রদর্শনী দেখাল বাংলাদেশ দল। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি. লিগ একাদশের কাছে ২-০ গোলে হেরে তারা মারদেকা কাপের আশংকা চরমে তুলে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কুয়ালালামপুর রওনা হওয়ার ঠিক আগেই ছন্নছাড়া ফুটবলের প্রদর্শনী দেখাল বাংলাদেশ দল। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি. লিগ একাদশের কাছে ২-০ গোলে হেরে তারা মারদেকা কাপের আশংকা চরমে তুলে দিয়েছে। এই হার প্রত্যাশিত না হলেও খুব অস্বাভাবিক কিছু নয়। অথচ আগের দিন বাংলাদেশের কোচ শফিকুল ইসলাম মানিক মারদেকা কাপে অপ্রত্যাশিত চমকের কথা বলেছিলেন। এই আশার ছিটেফোঁটাও দেখা যায়নি প্র্যাকটিস ম্যাচে। বাছাই করা ২০ জন সেরা ফুটবলারকে নিয়ে তৈরি বাংলাদেশ দল। অথচ মাঠে তারা সেরাদের মতো কিছু করতে পারেনি। নেই কোনো চমৎকার আক্রমণ, দেখা যায়নি একটি দুর্দান্ত থ্রু-পাসও। বরং নতুন কোচের স্বাভাবসিদ্ধ রক্ষণাত্মক কৌশলেই খেলেছে দল এবং তারপরও হার এড়াতে পারেনি। দেশ-সেরাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে অবশিষ্টরা বি. লিগ একাদশ নামে খেলে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে প্রথম গোল হজম করে জাতীয় দল। যে দলে ডিফেন্ডারের সংখ্যাই সর্বাধিক সেই জাতীয় দলের ডিফেন্স হা হয়ে যায় আব্দুল্লাহ পারভেজের একটি লবে। যা আয়ত্তে নিয়ে আব্দুল বাতেন মজুমদার কোমল লক্ষ্যভেদ করেন। ৪৪ মিনিটে দ্বিতীয় গোলেও দারুন অবদান রেখেছেন রাইট ব্যাক অমিত খান শুভ্র। তাকে ফাঁকি দিয়ে জনসন মাইনাস করেন, আর তা ফাঁকা পোস্টে পাঠানোর আনুষ্ঠানিকতা সারেন রেজাউল করিম লিটন। অথচ এরকম কোনো সহজ সুযোগও পাননি জাতীয় দলের স্ট্রাইকাররা। এমিলি, রবিন এবং বদলী হয়ে নামা এনামুলরা প্রতিপক্ষের পোস্টের থাকলেও কখনো বিপজ্জনক হয়ে উঠতে দেখা যায়নি। কারণ মতিউর মুন্না-প্রাণতোষ-আরমান আজিজকে নিয়ে গড়া মাঝমাঠ ছিল ভীষণ অনুজ্জ্বল, সেখান থেকে সুন্দর কোনো পাস বেরিয়েছে কিনা বলা মুশকিল। এত দূর্বলতার পর বাংলাদেশের নতুন কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, "আমার দলকে দেখা হয়ে গেছে। মারদেকায় তো বড় প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে, তাই আমাদের ডিফেন্স কতোটা চাপ নিতে পারে তা পরীক্ষা করে দেখলাম।" তিনি কী দেখলেন কে জানে তবে মাঠে উপস্থিত সবাই দেখেছে ৫ জন ডিফেন্ডার খেলিয়েও দেশে জাতীয় দলের মান রক্ষা হয়নি। তাই বিদেশ-বিভুঁই নিয়ে আশংকা আরো বেশি। কারণ ১৫ অক্টোবর থেকে কুয়ালালামপুরে শুরু এই টুর্নামেন্টে তিন গ্র"পসঙ্গী মোজাম্বিক, ভিয়েতনাম ও মিয়ানমার ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। তাদের সঙ্গে খেলতে আগামী সোমবার রাতে রওনা হচ্ছে বাংলাদেশ দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি