২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারদেকা কাপে বাংলাদেশের কোনো লক্ষ্য নেই!

নির্দিষ্ট লক্ষ্য ছাড়া অপ্রত্যাশিত প্রাপ্তির প্রত্যাশা নিয়েই মারদেকা কাপ খেলতে যাবে নতুন বাংলাদেশ। বোধহয় প্রথমবারের মতোই বাংলাদেশ লক্ষ্যহীন। অন্ততঃ আগের মতো খেলতে যাওয়ার আগে বাগাড়ম্বর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- নির্দিষ্ট লক্ষ্য ছাড়া অপ্রত্যাশিত প্রাপ্তির প্রত্যাশা নিয়েই মারদেকা কাপ খেলতে যাবে নতুন বাংলাদেশ। বোধহয় প্রথমবারের মতোই বাংলাদেশ লক্ষ্যহীন। অন্ততঃ আগের মতো খেলতে যাওয়ার আগে বাগাড়ম্বর নেই। গ্র"প পর্ব পার হওয়া কিংবা সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার মতো কোনো লক্ষ্যের কথা বলছে না এই বাংলাদেশ দল। বুঝে শুনে নিজেদের সামর্থ্যের পরিমাপে বাংলাদেশ দলের কোচ শফিকুল ইসলাম মানিক অপ্রত্যাশিত প্রাপ্তির আশা করছেন, "আমাদের বড় কোনো কোনো লক্ষ্য নেই। আমি চাই এই দল অপ্রত্যাশিত কিছু করুক।" নতুন কোচ মানিকের তত্ত্বাবধানে তৈরি হওয়া এই বাংলাদেশ দলের অধিনায়ক, সহ অধিনায়কও নতুন, মতিউর মুন্না ও মোহাম্মদ সুজন। সর্বশেষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দলে জায়গা না পাওয়া মতিউর মুন্না এবার অবিশ্বাস্যভাবে অধিনায়ক। তার ডেপুটি সুজন ইনজুরি কাটিয়ে প্রায় দুবছর পর ফিরেছেন জাতীয় দলে। এই নতুনত্বের ব্যাখ্যা জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় যেভাবে দিয়েছেন, "যাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে তাদেরই অধিনায়ক করা হয়েছে। মাঠের ভেতরে-বাইরে দলের ঐক্য ধরে রাখাটাও তাদের বড় একটা দায়িত্ব।" কারণ এই জাতীয় দলই বাফুফের নতুন কমিটিকে উপস্থাপন করবে মাঠে। অনেক বিতর্কের জন্ম দেওয়া সাফ ফুটবলের দলকে বিদায়ী কমিটির প্রতিবিম্ব হিসেবেই দেখে বর্তমান কমিটি। তাই তাদের প্রত্যাশা এই দল যেন ঐক্য ও আন্তরিকতার প্রতীক হয়ে "নতুন বাংলাদেশ"-এর জন্ম ঘোষণা করে। তবে প্রত্যাশিত নতুন বাংলাদেশ দলে পুরনোরাই সমাদৃত হয়েছেন। বিদায়ী কোচ আবু ইউসুফের আমলে বাদ পড়া মতিউর মুন্না, সুজন, অমিত খান শুভ্র ও জাহিদ হোসেন ফিরেছেন মানিকের দলে। মারদেকা কাপের জন্য ঘোষিত ২০ জনের চূড়ান্ত দলে দুটো নতুন মুখ, প্রাণতোষ ও এনামুল হক। মানে প্রাথমিক ক্যাম্পের ২৮ জনের মধ্যে পড়েছেন ৮ জন। তাদের মধ্যে চলমান বি. লিগে ভাল পারফর্ম করা স্ট্রাইকার আলফাজের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছিল সংবাদ সম্মেলনে। কোচের জবাব, "মাত্র সাত দিন ক্যাম্প হয়েছে, সেখানে খেলোয়াড়দের বিভিন্ন দিক আমি পর্যবেক্ষণ করেছি। খেলোয়াড় নির্বাচনে শুধু পারফরম্যান্স বড় বিষয় ছিল না, শৃঙ্খলা ও দেশের প্রতি কমিটমেন্টের ব্যাপারগুলো বিশেষভাবে বিবেচনায় এসেছে। সেই বিবেচনায় আলফাজ বাদ পড়েছে।" সেদিক থেকে চিন্তা বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের বিরুদ্ধে অভিযোগটা মোটেও হালকা নয়। আলফাজের বাদ পড়ায় স্ট্রাইকারের সংখ্যা এখন তিনজন --- জাহিদ হাসান এমিলি, এনামুল হক ও রবিন। একজন কোনো কারণে খেলতে না পারলে বদলী স্ট্রাইকার নামানোরও সুযোগ নেই ! মানিকের যুক্তি, "শুধু স্ট্রাইকারদের ওপর ভরসা রাখলে হবে না, অ্যাটাকিং মিডফিল্ডার আছে আমার দলে।" স্ট্রাইকার কম হলেও ৭ জন মিডফিল্ডার ও ৮ জন ডিফেন্ডারকে দলে রেখেছেন কোচ। এই দল দেখে অনেকেই নতুন কোচের ডিফেন্সিভ কৌশলের আশংকা করেছেন। কোচও স্বীকার করেছেন, "কৌশল ডিফেন্সিভ হতে পারে তবে এই কৌশলেও ভাল খেলা সম্ভব।" অবশ্য মোজাম্বিক, ভিয়েতনাম ও মায়ানমারের গ্র"পে পড়ে অ্যাটাকিং খেলাও মুশকিল। কারণ ফিফা র‌্যাঙ্কিংয়ে তিনটি দলের চেয়েই পিছিয়ে বাংলাদেশ। মোজাম্বিক (১০০) টপ ফেবারিট হয়েই এসেছে টুর্নামেন্টে। এছাড়া ভিয়েতনামের সঙ্গে দুটো ম্যাচের একটিতে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ, অন্যটি ড্র করেছে। কেবল মিয়ানমারের বিপক্ষে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। নতুন অধিনায়ক মতিউর মুন্না অবশ্য আশ্বস্ত করেছেন, "আমাদের যে দল আছে তাতে খারাপ কিছু হবে না আশা করি। আমার মনে হয় গত মারদেকা কাপের দলের চেয়ে ভাল এই দল।" তার সঙ্গে এবার যোগ হচ্ছে নতুন অনুপ্রেরণা ম্যাচ ফি, বোনাস ও নিরাপত্তা বীমা। এখন যদি খেলোয়াড়রা সর্বস্ব উজাড় করে দিয়ে অপ্রত্যাশিত কিছু করতে পারে ! বাংলাদেশ দল : আমিনুল, বিপ্লব, হাসান আল মামুন, আরিফুল, রজনী, সুজন, ওয়ালী ফয়সাল, অমিত খান শুভ্র, নজরুল, সৈকত, এনামুল হক শরীফ, আরমান আজিজ, আবুল হোসেন, জাহিদ হোসেন, প্রাণতোষ, মতিউর মুন্না, মামুন, এনামুল হক, এমিলি ও রবিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.