২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারবার টেন্ডার কিন্তু শ্যুটিংয়ের কাজ পাচ্ছে না কেউ

এসএ গেমসের জন্য গুলশান শ্যুটিং কমপ্লেক্সে আধুনিকায়নের কাজ এখনো শুরু করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। টার্গেট চেঞ্জিং বসানো এবং অন্যান্য প্রয়োজনীয় মেশিন-পত্র স্থাপনের জন্য গত জুন থেকে দু'দুবার টেন্ডার আহ্বান করেও তারা কাউকে কাজ দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- এসএ গেমসের জন্য গুলশান শ্যুটিং কমপ্লেক্সে আধুনিকায়নের কাজ এখনো শুরু করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। টার্গেট চেঞ্জিং বসানো এবং অন্যান্য প্রয়োজনীয় মেশিন-পত্র স্থাপনের জন্য গত জুন থেকে দু'দুবার টেন্ডার আহ্বান করেও তারা কাউকে কাজ দেয়নি। গত ৩ জুন জাতীয় ক্রীড়া পরিষদ প্রথম টেন্ডার আহ্বান করে। তাতে ১০ মি. ২৫ মি. ও ৫০ মি. শ্যুটিং রেঞ্জের জন্য অটোমেটিক টার্গেট চেঞ্জার্স বসানো এবং সাপ্লাই, ফিটিং, ফিক্সিং, টেস্টিং ও কমিশনিংয়ের কাজের কথা উল্লেখ করা হয়। এছাড়া ইলেকট্রনিক টার্গেট চেঞ্জারও বসানোর কাজও আছে টেন্ডারে। ক্রীড়া পরিষদ এই কাজের জন্য ৫ বছরের অভিজ্ঞতাকে যোগ্যতার মাপকাঠি ধরেছে। পাশপাশি কমপক্ষে এক কোটি টাকার একটা কাজ সাফল্যের সঙ্গে শেষ করার অতীত অভিজ্ঞতাও থাকতে হবে। কিন্তু প্রথম টেন্ডারে কেবল একটি শিডিউল জমা পড়ে, সেটি ভিশন ট্রেড ইন্টারন্যাশনালের। কিন্তু তাদেরকে কাজ না দিয়ে দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করা হয়। ২৮ জুলাইয়ের রি-টেন্ডারে অংশ নেয় তিনটি প্রতিষ্ঠান, যার মধ্যে ছিল প্রথমবার বাদ পড়া ভিশন ট্রেড ইন্টারন্যাশনালও। এবং অন্য দুটো প্রতিষ্ঠান যোগ্যতার মাপকাঠিতে বাদ পড়ে গেলেও টিকে যায় তারা। কারণ ৫ বছরের অভিজ্ঞতা এবং বড় কাজ করার অভিজ্ঞতা আছে কেবল তাদের। ২০০১ সালে শ্যুটিং রেঞ্জ তৈরির সময় তারা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মেশিন সাপ্লাই দেয় বিকেএসপিতে। কিন্তু তারপরও তাদের কাজ না দিয়ে ক্রীড়া পরিষদ তৃতীয়বারের মতো টেন্ডার আহ্বান করে। প্রশ্ন হলো ভিশন ট্রেড ইন্টারন্যাশনাল যোগ্য হওয়া সত্বেও তাদের কাজ দেয়া হলো না কেন? পরপর দুইবার তাদের এভাবে বঞ্চিত করাতে এই প্রশ্ন উঠছেও। যদিও সেটা মানতে রাজি নন ক্রীড়া পরিষদের পরিচালক আব্দুর রহমান "আসলে আমাদের বাজেটের চেয়ে শিডিউলের মূল্য অনেক বেশি থাকে। তাই আমাদের বারবার টেন্ডার দিতে হচ্ছে।'' মজার ব্যাপার হচ্ছে, ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় টেন্ডারে ক্রীড়া পরিষদ যোগ্যতার শর্তগুলি তুলে দিয়েছে। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রহমানের ব্যাখ্যা হচ্ছে, "এই শর্তগুলোর কারণে অনেকে টেন্ডারে অংশ নিতে পারেনি। শর্তগুলো শিথিল করেছি যেন সবাই অংশ নিতে পারে।" ৫ বছরের অভিজ্ঞতার শর্ত শিথিল করে দেওয়ায় কী কাজের মান নিয়ে সমস্যা হবে না ? "কাজের মানের কোনো সমস্যা হবে না। আমরা সব দেখেশুনে সিদ্ধান্ত নেবো"--- বলেছেন আব্দুর রহমান। তবে সংশ্লিষ্ট অনেকের আশংকা কম দামে চাইনিজ মেশিন দিয়ে শ্যুটিং রেঞ্জ পুনঃ সংস্কার করতে বারবার টেন্ডার দেওয়া হচ্ছে। সেজন্য যোগ্যতার মাপকাঠিও শিথিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৬০৫ঘ.