বুয়েনস এইরেস, ৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলিম্পিক ফুটবলের শিরোপা ধরে রাখলেও বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা অনেক দিন ধরেই জয়হীন। আগামী সপ্তাহে উরুগুয়ে ও চিলির সঙ্গে বাছাইপর্বের ম্যাচ দুটো তাই আর্জেন্টাইনদের জন্য জয়ের ধারায় ফেরার কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে রোববার দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ আলফিও বাসিলে। ২৪ সদস্যের দলটিতে নতুন মুখ দুটি --- পাবলো ব্যারিয়েন্তোস ও গঞ্জালো বের্গেসিও।
মিডফিল্ডার ব্যারিয়েন্তোস ও স্ট্রাইকার বের্গেসিও খেলেন আর্জেন্টাইন ক্লাব স্যান লরেঞ্জোতে। বলাই বাহুল্য, বাসিলের দলে বিদেশের ক্লাবে খেলা ফুটবলারের সংখ্যাই বেশি। ২৪ জনের মধ্যে ১৮ জনেরই বর্তমান ঠিকানা ইউরোপীয় ক্লাব। তবে প্রত্যাশা মতোই এই দলে জায়গা করে নিয়েছেন বোকা জুনিয়র্সের প্লেমেকার হুয়ান রোমান রিকুয়েলমে।
আগামী শনিবার বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে দু বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার চার দিন পর সান্টিয়াগোতে তাদের প্রতিপক্ষ চিলি। প্রথম তিন ম্যাচ জিতে দুর্দান্তভাবে বাছাইপর্ব শুরু করলেও চতুর্থ ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে যায় আর্জেন্টিনা। এরপর টানা চারটি ম্যাচ ড্র করায় ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে তাদের অবস্থান এখন তৃতীয়। ব্রাজিলের সংগ্রহ একই হলেও গোলগড়ে এগিয়ে থাকায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে দ্বিতীয় স্থানে। ১৭ পয়েন্ট পাওয়া প্যারাগুয়ের অবস্থান সবার ওপরে।
আর্জেন্টিনা দল :
গোলরক্ষক : হুয়ান পাবলো ক্যারিজো, সার্জিও রোমেরো, অগাস্টিন ওরিয়ন।
ডিফেন্ডার : ফ্যাবিয়ান মনজোন, হাভিয়ের জানেত্তি, মার্টিন ডেমিচেলিস, ড্যানিয়েল ডিয়াজ, গ্যাব্রিয়েল হাইঞ্জ, ফ্যাব্রিসিও কলোচ্চিনি, নিকোলাস বুর্দিসো।
মিডফিল্ডার : হুয়ান রোমান রিকুয়েলমে, পাবলো জাবালেতা, ম্যাক্সিমিলিয়ানো রড্রিগেজ, হাভিয়ের মাসকেরানো, এস্তেবান ক্যাম্বিয়াসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাবলো ব্যারিয়েন্তোস, ক্রিস্টিয়ান লেদেসমা, লিয়ান্দ্রো সামোজা।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো, কার্লোস তেভেজ, ডিয়েগো মিলিতো, গঞ্জালো বের্গেসিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২০ঘ.
bdnews24