বার্সেলোনা/ম্যানচেস্টার, ৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বার্সেলোনার কোচ গার্ডিওলা বলছেন, এটা তার দলের এ মৌসুমের সেরা পারফরম্যান্স। গার্ডিওলার সঙ্গে সুর মেলানোর লোকের কোনো অভাবও হচ্ছে না। শনিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৬-১ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে যে ফুটবলটা খেলেছে বার্সেলোনা সেটা সবাইকে নিয়ে যাচ্ছে তাদের রাইকার্ড-রোনালদিনহো আমলের সেই বার্সেলোনার স্মৃতিতে। গার্ডিওলার সঙ্গে যেমন সবাই একমত, স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে কিন্তু সবাই অতোটা একমত নন। তিনিও দাবি করছেন, শনিবার ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-০ গোলে হারানো ম্যাচটি নাকি রেড ডেভিলদেরও মৌসুমের সেরা পারফরম্যান্স। ওয়েঙ্গারের অবশ্য সেরকম কিছু বলার সুযোগ নেই। কারণ তার দল আর্সেনাল সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।
স্প্যানিশ লিগে গত মাস ছয়েকের পারফরম্যান্সে সেরা ফুটবলার বলে গন্য অ্যাটলেটিকোর আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। আর মেসি তো এখন বিশ্ব ফুটবলের সেরা ফুটবলারদেরই একজন। তাদের মুখোমুখি লড়াই। শনিবার ন্যু ক্যাম্পে একটা জমজমাট ম্যাচের আশা করেছিল ফুটবলামোদীরা। কিন্তু তাতে ছাই ছিটিয়ে দিয়েছে বার্সেলোনা। চতুর্থ মিনিটে মার্কেজের হেডে প্রথম গোল পাওয়ার পর গোল বন্যা বইয়ে দিয়ে ২৮ মিনিটেই ৫-১ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে বদলী ফুটবলার থিয়েরি অঁরি ষষ্ঠ গোলটি করেন। তৃতীয় গোল হওয়ার পর অ্যাটলেটিকো অধিনায়ক ম্যাক্সি রড্রিগুয়েজ একটা গোল ফিরিয়ে দিয়ে আরও লজ্জা থেকে বাঁচিয়েছেন মাদ্রিদের দলটিকে।
ম্যাচের ফল দেখার পর আর বলার বাকি থাকে না যে মেসি-অ্যাগুয়েরো লড়াইয়ে কে জিতেছে! হ্যাঁ, পরিষ্কার ব্যবধানেই স্বদেশীকে হারিয়েছেন মেসি। গোল অবশ্য করেছেন একটি, বুদ্ধিদীপ্ত ফ্রি কিক থেকে বার্সেলোনার তৃতীয় গোলটি তার। এর আগে দ্বিতীয় গোলটিও তার কৃতিত্বজাত। তাকে ফাউল করাতে পেনাল্টি পায় বার্সা, তা থেকে এ'তো তার দুই গোলের প্রথমটি করেন। এখানে একটা তথ্য উল্লেখযোগ্য, বার্সেলোনায় এবার নিয়ম হয়েছে মেসি এবং এ'তো দুজনই পেনাল্টি নেবেন, একটা মেসি-একটা এতো এই নিয়ম মেনে। সেজন্যই গত সপ্তাহে এসপানিওলের বিপক্ষে এতোকে ফাউল করে পাওয়া পেনাল্টিটি নিয়েছিলেন মেসি, আর এই সপ্তাহে মেসির পাওয়া পেনাল্টিটি জালে পাঠান এ'তো। মেসি আর গোল না পেলেও তার যাদুকরী ড্রিবলিংয়ে দুবার দুটো অসাধারণ গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন, একটি ঠেকিয়ে দেন গোলরক্ষক। অন্যটি তিনি মেরে দেন বাইরে। প্রথমার্ধে এ'তো-মেসিদের সঙ্গে স্কোরশিটে নাম ওঠান গুডজনসেনও। ২৮ মিনিটে তিনি পঞ্চম গোল করে দলকে এগিয়ে নেন ৫-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধটা তাই হয়ে পড়ে নিতান্তই নিয়মরক্ষার। গার্ডিওলাও মেসি-এ'তোকে উঠিয়ে নিয়ে সুযোগ দেন অঁরি এবং বোজানকে। অঁরি সুযোগটা কাজে লাগিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন। এর বাইরে দুর্দান্ত কিছু পায়ের কাজ দেখিয়ে বার্সা সমর্থকদের জানিয়ে দিয়েছেন আর্সেনালের অঁরিকে অচিরেই পেতে যাচ্ছে বার্সেলোনা।
এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। প্রথম স্থান এখনও ভিলারিয়ালের, যারা এদিন ২-১ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। ৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৬। আর চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫ ম্যাচে ১২, রোববার ষষ্ঠ ম্যাচে তাদের মুখোমুখি হওয়ার কথা এসপানিওলের।
ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে। ব্যবধান দুই গোলের হলেও দেখা গেছে দুর্দান্ত কিছু মুভ, রোনালদো দেখিয়েছেন নিজেকে ফিরে পাওয়ার পথে তিনি অনেক দূর এগিয়ে গেছেন, বার্বাতোভের টাচ আর থ্রু থেকে জানা গেছে ওল্ড ট্র্যাফোর্ডের প্রিয় ফুটবলার হওয়ার রাস্তায় তিনি হাঁটছেন ভালোমতোই। গোল দুটো করেছেন ব্র্উান এবং রুনি। রুনির বাড়তি কৃতিত্ব ব্রাউনের প্রথম গোলটাও তার বানিয়ে দেয়া।
আর্সেনাল সেস্ক ফেব্রোগাসের শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েছে। নিজেদের মাঠে সান্ডারল্যান্ডকে এগিয়ে নিয়েছিলেন গ্রান্ট লিডসবিটার। এই ড্রয়ের ফলে ৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ১৩। আর এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টারের পয়েন্ট ১১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৮৫০ঘ.
bdnews24