ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মাত্র ৯ দিনে শেষ হয়ে গেল মারদেকা কাপের প্রস্তুতি ! শনিবার সকালে বিকেএসপিতে প্র্যাকটিসের মধ্য দিয়ে শেষ হয়েছে ২৮ জনের প্রাথমিক ক্যাম্প।
এই ৯ দিনের প্রাপ্তি কতটুকু ? বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, "আমি হতাশ নই। খেলোয়াড়দের ফিটনেস নিয়ে তেমন সমস্যা নেই। দল হিসেবে পারস্পরিক বোঝাপড়াটা তৈরি হয়নি, এটাই একটু সমস্যা।" বোঝাপড়ার জন্য দরকার একসঙ্গে খেলা ও ম্যাচ প্র্যাকটিস। ঈদের দিনে দু-ভাগে ভাগ হয়ে তারা একটা ম্যাচ খেলেছে আর দেশ ছাড়ার ঠিক আগে হতে পারে আরেকটি ম্যাচ। এটুকু প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দল মারদেকা কাপ খেলতে যাবে কুয়ালালামপুরে।
যাওয়ার আগ পর্যন্ত ক্যাম্পের ফুটবলাররা খেলবে ক্লাব-ফুটবল। কারণ ক্লাবগুলোর আপত্তির কারণে বি. লিগ বন্ধ রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প সচল রাখতে পারছে না বাফুফে। তারপরও কোচ যেটুকু সময় পেয়েছেন তার বেশিরভাগই কেটেছে কয়েকজনের ফিটনেস ফেরানোর কাজে, "সুজন, মতিউর মুন্না, আবুল ও টিটুর ফিটনেসের ঘাটতি ছিল। তাদের একটু বেশি সময় দিতে হয়েছে।" ইনজুরিতে পড়ে পুরো এক মৌসুম মাঠের বাইরে কাটানো মোহাম্মদ সুজনের ওপরই বেশি নজর ছিল মানিকের। প্র্যাকটিসে এই ডিফেন্ডারের উন্নতি তার কাছে ইতিবাচক মনে হয়েছে, "আমি আশাকরি সুজন ভালভাবে জাতীয় দলে ফিরে আসবে। প্র্যাকটিস ম্যাচেও সে ভাল খেলেছে।" ঈদের দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্র্যাকটিস ম্যাচে তিনি খেলেছেন ক্রীড়া পরিষদ একাদশের হয়ে। আর এই দলটিই ছিল নতুন কোচের সম্ভাব্য জাতীয় দল। শেষমুর্হূতে তাতে দু-একটা পরিবর্তনও আসতে পারে বলে জানিয়েছেন কোচ।
সুতরাং বলাই যায়, বড় কোনো অঘটন না ঘটলে সুজন আবার ফিরছেন মারদেকা কাপগামী জাতীয় দলে। তবে ১৫ অক্টোবর থেকে শুরু মারদেকা কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে আগামী ১০ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৪০ঘ.
bdnews24