ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ঈদের আনন্দ, মারদেকা কাপের প্রস্তুতি ম্যাচ সব মাটি হয়ে গেছে জাতীয় দলের সাবেক দুই ফুটবলার বাদল রায় এবং হাসানুজ্জামান খান বাবলুর জন্য। বৃহস্পতিবার, ঈদের দিনে বিকেএসপি থেকে ফেরার পথে তাদের মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এক যাত্রীবাহী বাসের। তাতে মাথায় কাচ ঢুকে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সহ-সভাপতি বাদল রায়ের এবং সদস্য হাসানুজ্জামান খান বাবলু'র কলারবোন ভেঙ্গে যায়। ল্যাবএইড হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তারা এখন বাসায়। সিটিস্ক্যান, এক্সরেসহ নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন, সাবেক দুই তারকা ফুটবলারের জীবন হুমকীর মুখে পড়তে পারে এমন কিছু হয়নি।
ঈদের দিনেই মারদেকা কাপ ফুটবলের প্রস্তুতি ম্যাচ। তাই বৃহস্পতিবার বাদল রায় আর হাসানুজ্জামান খান বাবলু গিয়েছিলেন বিকেএসপিতে। সেখানেই রয়েছে মারদেকা কাপের জন্য গড়া বাংলাদেশ জাতীয় দল। দুপুর দেড়টার দিকে সেখান থেকে ফিরছিলেন তারা আর ফেরার পথেই চক্রবর্তীর মোড়ে ঘটে মারাত্মক এই দুর্ঘটনা। পরিণামে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় আর জাতীয় দলের সমন্বয়কারী বাবলুর সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাফুফে ও ক্রীড়া পরিষদ একাদশের মধ্যকার মারদেকা কাপ প্রস্তুতি ম্যাচে হাজির থাকা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১৮১৬ ঘ.
bdnews24