২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল, ম্যানইউ ও আর্সেনালের জয়

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ভালোই কেটেছে মঙ্গলবারের রাতটা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে নিজেদের ম্যাচে জিতেছে ইওরোপীয় ক্লাব ফুটবলের তিন পরাশক্তি। কিন্তু জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ জিততে পারেনি। ইতালি ও জার্মানির দুই 'জায়ান্ট' ড্র করে নষ্ট করেছে মূল্যবান পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ব্রাসেলস, ১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ভালোই কেটেছে মঙ্গলবারের রাতটা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে নিজেদের ম্যাচে জিতেছে ইওরোপীয় ক্লাব ফুটবলের তিন পরাশক্তি। কিন্তু জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ জিততে পারেনি। ইতালি ও জার্মানির দুই 'জায়ান্ট' ড্র করে নষ্ট করেছে মূল্যবান পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবারের চ্যাম্পিয়ন্স লিগে ভালো সূচনা করতে পারেনি। দু সপ্তাহ আগে প্রথম ম্যাচে ঘরের মাঠে ভিলারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। তবে সেই হতাশাকে পেছনে ফেলে মঙ্গলবার 'ই' গ্র"পে আলবোর্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। প্রথমার্ধে ওয়েইন রুনি এবং বিরতির পর বুলগেরিয়ান স্ট্রাইকার দিমিতার বার্বাতোভের দুই গোলের সুবাদে প্রতিপক্ষের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে 'রেড ডেভিল'রা। 'জি' গ্র"পে আরো বড় জয় পেয়েছে আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে তারা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে পোর্তোকে। দুটো করে গোল করেছেন রবিন ফন পার্সি ও ইমানুয়েল আদেবায়োর। আদেবায়োরের করা ম্যাচের শেষ গোলটা অবশ্য পেনাল্টি থেকে। তবে সেন্ট পিটার্সবাগ সফরে রিয়াল মাদ্রিদ অত সহজে জিততে পারেনি। 'এইচ' গ্র"পে গত মৌসুমের উয়েফা কাপ চ্যাম্পিয়ন জেনিতকে বেশ লড়াই করেই তারা ২-১ গোলে হারিয়েছে। ম্যাচের চতুর্থ মিনিটেই টমাস হিউবোকানের আত্মঘাতী গোলে রিয়াল এগিয়ে গেলেও ২৫ মিনিটে ড্যানির গোলে সমতায় ফিরেছে জেনিত। তবে ৩১ মিনিটে রুড ফন নিস্টলরয়ের লক্ষ্যভেদে আবারো এগিয়ে যাওয়ার পর লিডটা ধরে রেখে প্রতিপক্ষের মাঠ থেকে তিনটি মূল্যবান পয়েন্ট নিয়ে ফিরেছে টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু জুভেন্টাস ও বায়ার্ন তা পারেনি। অবশ্য জুভেন্টাসের সৌভাগ্য, 'এইচ' গ্র"পের অন্য ম্যাচে ০-২ গোলে পিছিয়ে পড়েও বাটে বোরিসভের সঙ্গে ২-২ গোলে ড্র করতে পেরেছে তারা। ২৩ মিনিটের মধ্যে সের্গেই ক্রাইভেতস ও ইগর স্তাসেভিচ বোরিসভকে ২-০তে এগিয়ে দিলেও বিরতির আগেই ম্যাচে সমতা নিয়ে আসতে পেরেছে 'জুভ'রা। 'তুরিনের ওল্ড লেডি' নামে পরিচিত ইতালিয়ান পরাশক্তিদের পক্ষে দুটো গোলই করেছেন ভিনসেঞ্জো ইয়াকুইন্তা। জুভেন্টাস তা-ও প্রতিপক্ষের মাঠে ড্র করেছে। বায়ার্ন মিউনিখ তো নিজের মাঠেই পরাজয়ের আশঙ্কায় পড়ে গিয়ে শেষ পর্যন্ত একটা পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় তারা ১-১ গোলে ড্র করেছে অলিম্পিক লিওঁর সঙ্গে। 'এফ' গ্র"পের ম্যাচটিতে ২৫ মিনিটের সময় মার্টিন ডেমিচেলিসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। তবে ৫২ মিনিটে লক্ষ্যভেদ করে স্বাগতিক সমর্থকদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছেন জে রবার্তো। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের অন্য তিন ম্যাচে ভিলারিয়াল ১-০ গোলে সেল্টিককে হারিয়েছে এবং ফিওরেন্টিনা-স্টুয়া বুখারেস্ট ও ফেনেরবাচে-ডায়নামো কিয়েভ গোলশূন্য ড্র করেছে। এক নজরে মঙ্গলবারের ফল -------------------------- 'ই' গ্র"প আলবোর্গ ০ - ম্যানচেস্টার ইউনাইটেড ৩ ভিলারিয়াল ১ - সেল্টিক ০ 'এফ' গ্র"প বায়ার্ন মিউনিখ ১ - অলিম্পিক লিওঁ ১ ফিওরেন্টিনা ০ - স্টুয়া বুখারেস্ট ০ 'জি' গ্র"প আর্সেনাল ৪ - পোর্তো ০ ফেনেরবাচে ০ -ডায়নামো কিয়েভ ০ 'এইচ' গ্র"প জেনিত ১ - রিয়াল মাদ্রিদ ২ বাটে বোরিসভ ২ - জুভেন্টাস ২ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৫ঘ.