ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)-- মোহামেডানের ফুটবল টুর্নামেন্টটাও খুব শংকা জাগিয়েছিল মনে। না জানি ফ্রেন্ডশিপ কাপের মতো এটি অংকুরেই শেষ হয়ে যায় ! কারণ মাঠ সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগ বার বার পিছিয়ে দিচ্ছিল টুর্নামেন্টটিকে। সেই অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বুধবার থেকে মাঠে গড়াচ্ছে প্রতীতি ফার্মা বিজয় দিবস ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট।
এ উপলক্ষে সীমিত সামর্থ্যরে মধ্যে মোহামেডান চেষ্টা করছে উদ্বোধনী অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করতে। নাচ-গানের সঙ্গে সার্কাস শোর ব্যবস্থা করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার বিকেল ৪ টায় ক্লাব কাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল।
তার ঘন্টাদুয়েক পর থেকে শুরু হবে খেলা। উদ্বোধনী দিনে "খ" গ্র"পের খেলায় মাঠে নামবে আবাহনী লিমিটেড ও বাড্ডা জাগরনী। তাতে আবাহনী ফেবারিট হলেও দলের অবস্থা তেমন গোছানো নয়। ফুটবলাররা 'খ্যাপ' খেলায় ব্যস্ত থাকায় ক্লাব দলের প্র্যাকটিস হয়নি ঠিকমতো। তারপরও সত্যজিৎ দাস রূপুর লক্ষ্য শিরোপা, "আবাহনী সবসময় শিরোপার লক্ষ্য নিয়েই শুরু করে।" শক্তিতে বাড্ডা জাগরনী পিছিয়ে ঠিক কিন্তু চলমান সিনিয়র ডিভিশন লিগের কারণে দলটি এখন খেলার মধ্যেই আছে।
বি. লিগ ও সিনিয়র ডিভিশনের ৪ টি করে মোট ৮ টি দল নিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। "ক" গ্র"পে খেলছে মোহামেডান, আরামবাগ, ভিক্টোরিয়া ও ফকিরেরপুল আর "খ" গ্র"পের দলগুলো হচ্ছে আবাহনী, মুক্তিযোদ্ধা, ঢাকা ওয়ান্ডারার্স ও বাড্ডা জাগরনী। দুই গ্র"পের চ্যাম্পিয়ন ও রানার্স আপরা খেলবে সেমিফাইনালে। ১০ ফেব্র"য়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিজয় দিবস ক্লাব কাপ।
এই টুর্নামেন্ট নিয়ে মোহামেডানের অনেক আশা। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর ভাষায়, "টুর্নামেন্টটি সফল করে তোলার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। ফুটবলের এই চরম দুর্দিনে মানুষকে স্টেডিয়ামমুখী করাই আয়োজনের মূল উদ্দেশ্য। ক্লাব কাপ ফুটবল জমজমাটভাবে শেষ হলে নিশ্চয়ই অন্যরাও উদ্যোগ নেবে এমন টুর্নামেন্ট আয়োজনের।"
কতটুকু জমবে তা এখনই বলা মুশকিল। তবে মোহামেডানের এই উদ্যোগে পেশাদার ফুটবলাররা প্রায় ৬ মাস পর আনুষ্ঠানিকভাবে খেলার সুযোগ পাচ্ছেন। বি. লিগের পর এরকম কোনো সুযোগ করে দিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২৫ঘ.
bdnews24