২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের প্রয়োজনীয়তা জানতে পরিদর্শনে পরিকল্পনা কমিশন

দুই মাস আগে দেওয়া সংস্কার তালিকা অনুযায়ী ক্রীড়া স্থাপনাগুলো পরিদর্শন করেছে পরিকল্পনা কমিশনের একটি কমিটি। তাদের রিপোর্টের ভিত্তিতেই আগামী ২০০৯ সালের এসএ গেমস আয়োজনের প্রস্তুতি শুরু হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই কমিটি রিপোর্ট জমা দেবে পরিকল্পনা কমিশনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুই মাস আগে দেওয়া সংস্কার তালিকা অনুযায়ী ক্রীড়া স্থাপনাগুলো পরিদর্শন করেছে পরিকল্পনা কমিশনের একটি কমিটি। তাদের রিপোর্টের ভিত্তিতেই আগামী ২০০৯ সালের এসএ গেমস আয়োজনের প্রস্তুতি শুরু হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই কমিটি রিপোর্ট জমা দেবে পরিকল্পনা কমিশনে। সোমবার কমিটির সদস্যদের পুরোদিনই কেটেছে ক্রীড়া স্থাপনা পরিদর্শনে। ওই কমিটির সদস্য জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রহমান জানিয়েছেন, "আমরা বঙ্গবন্ধু স্টেডিয়াম, মিরপুর ক্রীড়াপল্লী ও ধানমন্ডির স্থাপনাগুলো পরিদর্শন করেছি। জাতীয় ক্রীড়া পরিষদ যে স্থাপনা সংস্কারের তালিকা দিয়েছে তার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে কামিটির কাছে। কারণ সংস্কার ছাড়া ওরকম একটি আন্তর্জাতিক গেমস আয়োজন করা সম্ভব নয়।" দুমাস আগে পরিকল্পনা কমিশনে ২৯ কোটি টাকার একটি সংস্কার তালিকা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাতে ধানমন্ডি মহিলা কমপ্লেক্স, ধানমন্ডি ইনডোর জিমনেসিয়াম, ইনডোর বাস্কেটবল কোর্ট, মিরপুর ক্রীড়াপল্লী, মিরপুর সুইমিং কমপ্লেক্স, কমলাপুর স্টেডিয়াম, ক্রীড়া পরিষদ জিমনেসিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম ও বাক্সিং স্টেডিয়ামের কিছু সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছিল। এই প্রকল্প যাচাই-বাছাই করার জন্য পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান মোহাম্মদ শহীদুল্লাহকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। তারা সোমবার পরিদর্শন শেষে আগামী ৭ দিনের মধ্যেই ক্রীড়া স্থাপনাগুলোর কোনটা কতোটা সংস্কার করতে হবে তার একটা রিপোর্ট দেবে। "স্থাপনাগুলো অনেকদিন সেভাবে সংস্কার করা হয়নি। কমিটির সদস্যরাও তা দেখেছেন। আগামী ৭ দিনের মধ্যে তারা রিপোর্ট দেবেন, সে অনুযায়ী কমিশন অর্থ বরাদ্দ দেবে সংস্কারের জন্য ''-- জানিয়েছেন আব্দুর রহমান। শুধু সংস্কার নয়, এসএ গেমস উপলক্ষে ক্রীড়া সামগ্রী কেনা ও মানোন্নয়নের জন্যও জাতীয় ক্রীড়া পরিষদ ১৭ কোটি টাকা চেয়েছে পরিকল্পনা কমিশনের কাছে। যেমন অ্যথলেটিকস ও সাঁতারের টাইমিং ধরার জন্য ইলেকট্রনিক ডিভাইস, উন্নতমানের ফুটবলসহ নানা ধরনের ক্রীড়া সরঞ্জামের চাহিদার কথা প্রকল্পে উল্লেখ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু একাদশ এসএ গেমস আয়োজনের প্রস্তুতিটা নির্ভর করছে পরিকল্পনা কমিশনের রিপোর্টের ওপর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫০ঘ.