২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের অবস্থান আরো সংহত, পয়েন্ট হারিয়েছে ইন্টার

শিরোপা জয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার রোববারের রাতটা ভালো কাটেনি। রিয়াল মাদ্রিদের বিজয়ের আনন্দে তাই ছিলো ভিন্ন আমেজ। রোববার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ভিলারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তার ঠিক আগে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিক বিলবাওর সঙ্গে। সেই সুবাদে রিয়াল ৯ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষস্থান সংহত করেছে আরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

মাদ্রিদ/মিলান/লন্ডন, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শিরোপা জয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার রোববারের রাতটা ভালো কাটেনি। রিয়াল মাদ্রিদের বিজয়ের আনন্দে তাই ছিলো ভিন্ন আমেজ। রোববার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ভিলারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তার ঠিক আগে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিক বিলবাওর সঙ্গে। সেই সুবাদে রিয়াল ৯ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষস্থান সংহত করেছে আরো। ইতালিয়ান সিরি 'এ'তে উদিনেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে শীর্ষে থাকা ইন্টার মিলান। অন্যদিকে ২-০ গোলে জেনোয়াকে হারিয়েছে এসি মিলান। ইংল্যান্ডে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর দু গোলে টটেনহাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্নাব্যুতে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৯ মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন রবিনিয়ো। কিন্তু ১৬ মিনিটে ভিলারিয়ালকে সমতায় ফেরান ইতালিয়ান স্ট্রাইকার গুইসেপ্পি রসি। ৫৩ মিনিটে রবিনিয়োর দ্বিতীয় গোল, এবার সমতা এনেছেন হুয়ান ক্যাপদেভিলা। তবে ৭৫ মিনিটে ভিলারিয়ালের দ্বিতীয় সমতাসূচক গোলটির পরের মিনিটেই তিন পয়েন্টের রাস্তা খুলে যায় রিয়ালের। বদলি হিসাবে নামা ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার দারুণ এক গোলে জয় এনে দেন গতবারের চ্যাম্পিয়নদের। টানা অষ্টম জয় পাওয়া রিয়ালের সংগ্রহ এখন ৫৩ পয়েন্ট। ৩৫ মিনিটে করা বোজান কিরকিচের গোলে বার্সেলোনা এগিয়ে গেলেও ৭৯ মিনিটে ফরাসি ডিফেন্ডার লিলিয়ান থুরামের আত্মঘাতী গোলে পয়েন্ট হারাতে বাধ্য হয়েছে তারা। তার পরও ৪৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দ্বিতীয় স্থান ধরে রেখেছে। রিয়ালের কাছে হারা ভিলারিয়াল ৩৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হেরেছে রিয়ার মায়োরকার কাছে। রিয়াল বেটিসের কাছে ২-১ গোলে হেরে গেছে এসপানিওল। তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে আলমেরিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ভ্যালেন্সিয়া। সিরি 'এ'তে ২১ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার সিজার লালকার্ড দেখে মাঠ ছাড়ায় ইন্টার মিলান ১০ জনের দলে পরিণত হয়েছিল। সেই ধাক্কা এর পর আর সামলে উঠতে পারেনি তারা। তারপরও একটি পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে গতবারের চ্যাম্পিয়নরা। সেই সুযোগে ব্যবধান ৫ পয়েন্টে কমিয়ে এনেছে দ্বিতীয় স্থানে থাকা রোমা। শনিবার তারা পালেরমোকে হারিয়েছিল ১-০ গোলে। তৃতীয় স্থানে থাকা জুভেন্টাস ৩-১ গোলের জয় পেয়েছে লিভোরনোর বিপক্ষে। ডেভিড ত্রেজেগে করেছেন দুগোল। নবাগত ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাতো দ্বিতীয়ার্ধে দুগোল করে জেনোয়ার বিপক্ষে জয় এনে দিয়েছেন এসি মিলানকে। সেই সুবাদে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠে এসেছে ইওরোপিয়ান চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে এম্পোলিকে ২-০ গোলে হারিয়েছে চতুর্থ স্থানে থাকা ফিওরেন্টিনা। ওল্ড ট্রাফোর্ডে ১৯৮৯ সালের পর জেতেনি টটেনহাম হটস্পার। রবি কিনের ২৪ মিনিটের গোলে জয়ের স্বপ্নই দেখছিল তারা। তবে বিরতির মিনিট সাতেক আগে 'রেড ডেভিল'দের সমতায় ফিরিয়েছেন কার্লোস তেভেজ। দ্বিতীয়ার্ধে দুটো গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা ষোল নিশ্চিত করেছেন রোনালদো। দিনের অন্য ম্যাচে দ্বিতীয় বিভাগে খেলা শেফিল্ড ইউনাইটেডের কাছে ১-২ গোলে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৬৫৯ঘ.