২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটিংয়ে বাফুফে একমত, বেরিয়ে এসে ভিন্নমত!

বিওএ প্রধানসহ ফুটবলের অনুরাগীরা যখন ডিএফএ বিতর্কের অবসান চাইছেন তখন রহস্যময় আচরণ করছেন বাফুফে কর্তারা। সরকার এএফসিতে একটা প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ নিলেও বাফুফের লোকজন কেন যেন তা স্বাগত জানাতে পারছেন না। তাই উদ্যোগের সাফল্য নিয়ে শুরু থেকেই সংশয় থেকে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 04:48 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বিওএ প্রধানসহ ফুটবলের অনুরাগীরা যখন ডিএফএ বিতর্কের অবসান চাইছেন তখন রহস্যময় আচরণ করছেন বাফুফে কর্তারা। সরকার এএফসিতে একটা প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ নিলেও বাফুফের লোকজন কেন যেন তা স্বাগত জানাতে পারছেন না। তাই উদ্যোগের সাফল্য নিয়ে শুরু থেকেই সংশয় থেকে যাচ্ছে। গত শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় সভায় সিদ্ধান্ত হয়েছে এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মামের কাছে একটি প্রতিনিধি দল পাঠানো হবে। এটা বাফুফে কর্তাদের বিশেষ পছন্দ হচ্ছে না। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু অনেকটা নেতিবাচক সুরেই বলেছেন, "তারা যদি ফিফাকে বোঝাতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নেই।" তারা মানে শনিবারের সভায় উপস্থিত বিওএ কর্মকর্তা এবং বাফুফের বাইরে থাকা ফুটবল সংগঠকদেরই বুঝিয়েছেন মালু। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, মালুরা চাইছেন না ফিফাকে বোঝাতে, চাইছেন 'তারা'। বাফুফের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেনও প্রায় একই সুরে কথা বলেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোরকে টেলিফোনে জানিয়েছেন, "হঠাৎ করে এরকম একটা প্রস্তাব কেন এলো আমি জানি না। উনারা যদি মনে করে হাম্মামকে বুঝিয়ে-সুঝিয়ে কিছু করা যাবে তাহলে আমার আপত্তি নেই।" কিন্তু হাম্মামের কাছে সাক্ষাতের সময় চাওয়ার ভার পড়েছে বাফুফের ওপর। কবে নাগাদ তার সঙ্গে যোগাযোগ করবেন ? মনির আহমেদের জবাব, "দেখি... আগে বাফুফে সভায় বিষয়টা জানাতে হবে।" বিষয়টা হচ্ছে, ডিএফএ'র গঠনতন্ত্র পরিবর্তন। সরকারি কর্মকর্তাদের বাইরে রেখে যে ডিএফএ কমিটির কথা বলা হয়েছে তা বাংলাদেশের প্রেক্ষাপটে যে ব্যুমেরাং হবে সেটা বোঝানোর উদ্যোগ নেওয়া। আরেকটা প্রস্তাব হচ্ছে দেশের প্রচলিত আইনে ডিএসএ বাদ দিয়ে ডিএফএ অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা ডাকতে হবে। নাইলে মামলা-মোকদ্দমার ঝুঁকি থেকে যাবে। প্রস্তাবগুলো নিয়ে হাম্মামের কাছে যাওয়া হবে এবং গঠনতন্ত্রের দুর্বল দিকগুলি তার কাছে তুলে ধরা হবে। তারপর তাকে দিয়েই ফিফাকে বোঝানো হবে, এরকমই একটা সিদ্ধান্ত হয়েছে সভায়। যা সভায় উপস্থিত থেকে মেনেও নিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু ও সহ সভাপতি আব্দুর রহিম। বিওএ প্রেসিডেন্ট সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের নির্দেশে শনিবার তাদের সঙ্গে সভা করেছেন বিওএ মহাসচিব কুতুব উদ্দিন ও বিওএ প্রধান নির্বাহী কর্ণেল ওয়ালী উল্লাহ (অব.)। এ সভায় উপস্থিত ছিলেন বাফুফের সাবেক সহকারি সম্পাদক বাদল রায়, সাবেক সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর ও ফজলুর রহমান বাবুল এবং সংগঠক নুরুল আলম চৌধুরী। রোববার বাফুফে প্রেরিত একটা সংবাদ বিজ্ঞপ্তিও তাদের অবস্থান আরো পরিস্কার করে দিয়েছে। সেখানে বলা হয়েছে "ডিএফএ বাতিল/গঠন প্রক্রিয়া স্থগিতের বিষয়ে বিভিন্ন প্রকার সংবাদ পরিবেশন সঠিক হয়নি।" অথচ শনিবার সভাসূত্রে জানা গেছে, মালু ডিএফএ গঠন স্থগিত করার বিষয়টা মেনে নিয়েছিলেন। সে কথা যখন মিডিয়ায় এসেছে তখন বাফুফে প্রতিবাদ করছে। তার মানে সভায় বাফুফে কর্তারা অনেককিছু মেনে নিলেও বাফুফের চেয়ারে বসলে ওসব ভুলে যান। তাই তাদের আন্তরিকতা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তারা ডিএফএ'র গঠনতন্ত্র পাল্টানোর উদ্যোগ নেবে, এটা বিশ্বাস করতে পারছে না অনেকেই। রহস্যময় এক ভূমিকা নিয়েছেন বাফুফে-কর্তারা। নইলে পরস্পর বিরোধী দুটো কাজ হয় কী করে! একই সময়ে তারা বিভিন্ন জেলায় ডিএফএ গঠন করছেন আবার ওদিকে এই ডিএফএ'র চরিত্র বদলানোর জন্য হাম্মামের কাছে প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ নিচ্ছেন ! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.