২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিয়োকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন

দুজনের সামনেই ছিলো ইতিহাসের হাতছানি। তৃতীয় বাছাই নোভাক দিয়োকোভিচ প্রথম সার্বিয়ান হিসেবে গ্র্যান্ডস্লাম জিততে মরিয়া। প্রতিপক্ষ অবাছাই জো-উইলফ্রেড সোঙ্গা চাইছিলেন ৮০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ান ওপেনজয়ী প্রথম ফরাসি হতে। দর্শকদের পক্ষপাত ছিলো 'টেনিসের মোহাম্মদ আলী' সোঙ্গার দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

মেলবোর্ন, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুজনের সামনেই ছিলো ইতিহাসের হাতছানি। তৃতীয় বাছাই নোভাক দিয়োকোভিচ প্রথম সার্বিয়ান হিসেবে গ্র্যান্ডস্লাম জিততে মরিয়া। প্রতিপক্ষ অবাছাই জো-উইলফ্রেড সোঙ্গা চাইছিলেন ৮০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ান ওপেনজয়ী প্রথম ফরাসি হতে। দর্শকদের পক্ষপাত ছিলো 'টেনিসের মোহাম্মদ আলী' সোঙ্গার দিকে। কিন্তু শেষ হাসিটা হাসলেন দিয়োকোভিচ। ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ গেমে জিতে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা। দিয়োকোভিচ সার্ব-বংশোদ্ভুত প্রথম অস্ট্রেলিয়ান ওপেনজয়ী নন। মনিকা সেলেস ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। তবে সেটা ছিল যুগোশ্লাভিয়ার পতাকা নিয়ে। মেয়েদের ফাইনালে মারিয়া শারাপোভার কাছে স্বদেশী আনা ইভানোভিচের হারের পর জাত্যাভিমানটাই বড় হয়ে দেখা দিয়েছিল দিয়োকোভিচের কাছে। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় বলেছেন সে কথাই, "এখানে প্রথম গ্র্যান্ডস্লামটি জিততে পেরে আমি খুবই খুশী। তার চেয়ে বেশি গর্বিত প্রথম সার্বিয়ান হিসেবে তা জিতে। আমার তো মনে হয় গোটা সার্বিয়া এখন উৎসবে মাতোয়ারা।" একদম ছেড়ে কথা কননি সোঙ্গা। ম্যাচের শুরুতেই বেসামাল করে দিয়েছেন প্রতিপক্ষকে দারুণ গতির সার্ভিস এবং দুর্দান্ত রিটার্নে। ম্যাচটা নিজের পক্ষে দিয়োকোভিচ ঘুরিয়েছেন দ্বিতীয় সেটের সপ্তম গেমে এসে। ব্যাকহ্যান্ড রিটার্নে একটি ব্রেক পয়েন্ট জিতে পরের পয়েন্টটিও আদায় করে নিয়েছেন। সেখান থেকেই ছন্দ ফিরে পেয়েছেন দিয়োকোভিচ। অন্যদিকে ক্রমশই হতাশায় ডুবেছেন সোঙ্গা। এইস দিয়ে দ্বিতীয় সেটে সমতা ফেরানোর পর তৃতীয় সেটে অভিজ্ঞতা দিয়েই আধিপত্য বজায় রাখেন দিয়োকোভিচ। ৫-৩ গেমে এগিয়ে থাকা অবস্থায় আরেকটি ব্রেক পয়েন্ট পেয়েছেন। তবে ছয়টি সেট পয়েন্ট লড়ে তবেই হার মেনেছেন সোঙ্গা। চতুর্থ সেটে ৫-৫ গেমে সমতা থাকা অবস্থায় দারুণ কিছু শটে ব্রেক পয়েন্ট বাঁচিয়েছেন দিয়োকোভিচ। শেষদিকে এসে স্নায়ুর লড়াইয়ে খানিকটা নির্জীব হয়ে যান সোঙ্গা। টাইব্রেকারে প্রথমবারের মতো ডাবল ফল্ট করে ম্যাচ তুলে দেন প্রতিপক্ষের হাতে। ৭-২ পয়েন্টে জিতে ততক্ষণে কোর্টে লুটিয়ে চুমু খাচ্ছেন দিয়োকোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯১৫ঘ.