মেলবোর্ন, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের লড়াই তখনো শুরু করেননি মারিয়া শারাপোভা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আনা ইভানোভিচের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎই তার মোবাইল ফোনে এক এসএমএস এসে উপস্থিত। খুলে দেখলেন বিলি জিন কিংয়ের পরামর্শ সমৃদ্ধ এসএমএস। মহিলা টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের সেই পরামর্শ মতোই ইভানোভিচের মুখোমুখি হলেন শারাপোভা। তার পর সার্বিয়ান প্রতিপক্ষকে ৯১ মিনিটে উড়িয়ে দিলেন ৭-৫, ৬-৩ গেমে। শনিবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় তৃতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি হাতে নিয়ে সবার আগে 'গ্রেট' বিলি জিন কিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি।
"আজ (শনিবার) সকালে বিলি জিন কিংয়ের কাছ থেকে একটা টেক্সট পেয়েছি আমি। সেখানে তিনি বলেছেন চ্যাম্পিয়নরা সব সময় সুযোগের সদ্ব্যবহার করে আর চাপ তাদের জন্য এক ধরণের সুবিধা। আজকে পাওয়া সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পেরে আমি দারুণ খুশি"--- শিরোপা জয়ের উচ্ছ্বাসের সঙ্গে এভাবে কিংয়ের প্রতি তার কৃতজ্ঞতা মিশিয়ে দিলেন শারাপোভা। দর্শকদের দেয়া বিপুল সমর্থনেও তিনি অভিভূত, "আমি আপনাদের প্রত্যেককে ভালবাসি। সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ।"
টেনিসপ্রেমীদের বিশাল সমর্থন আর নিজের দুর্দান্ত পারফরম্যান্স --- গত দুই সপ্তাহ সত্যিই অসাধারণ কেটেছে তার। ৭টি ম্যাচে একটিও সেট হারেননি এই 'রুশ সুন্দরী'। ফাইনালে ওঠার পথে হারিয়েছেন শীর্ষ বাছাই জাস্টিন হেনিন ও সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' লিন্ডসে ড্যাভেনপোর্টকে। ফাইনালেও ইভানোভিচ দাঁড়াতে পারেননি তার সামনে। এমন চোখধাঁধানো নৈপুণ্যে শারাপোভা নিজেও বিস্মিত, "এটা অবিশ্বাস্য। কখনো কখনো কিছু কিছু কাজ খুব কঠিন বলে মনে হতে পারে আপনার কাছে। কখনো বা কঠিন সময়ের ভেতর দিয়ে যাওয়ার সময় আপনি বুঝতে বুঝতেই পারবেন না যে সেটাই আপনার জন্য সুন্দর মুহূর্ত। এটা (অস্ট্রেলিয়ান ওপেন) পেয়ে আমি দারুণ অভিভূত।"
উচ্ছ্বসিত শারাপোভার ঠিক বিপরীত অবস্থা ইভানোভিচের। গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জাস্টিন হেনিনের কাছে হার মেনেছিলেন। আবারও কোনো গ্র্যান্ড স্লামের শিরোপা হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি খুব বিষন্ন। তবে ভুল থেকে শিক্ষা নিয়েই আগামী দিনগুলোতে সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ২০ বছর বয়সী এই সার্বিয়ান, "এই মুহূর্তে আমার খুব খারাপ লাগছে। তবে আমি নিশ্চিত, এই ম্যাচ থেকে আমি শিক্ষা নিতে পারবো। আমি অবশ্যই হতাশ। তবে মনে হচ্ছে আমার জন্য আরো অনেক গ্র্যান্ড স্লাম ফাইনাল অপেক্ষা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫৩ঘ.
bdnews24